ঢাকায় চাঞ্চল্যকর আলো হত্যা মামলার আসামি কাউসার কাঠগড়া থেকে হাতকড়া খুলে চম্পট: আদালতে চাঞ্চল্য

0
ঢাকায় চাঞ্চল্যকর আলো হত্যা মামলার আসামি কাউসার কাঠগড়া থেকে হাতকড়া খুলে চম্পট: আদালতে চাঞ্চল্য

আদালত প্রতিবেদকঃ ঢাকার সিনিয়র আদালত পাড়া থেকে চাঞ্চল্যকর আলো আক্তার হত্যা মামলার একমাত্র আসামি মো. কাউসার মিয়া আদালত কক্ষের কাঠগড়া থেকেই হাতকড়া খুলে পালিয়ে গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ) বিচার কক্ষ থেকে এই দুর্ধর্ষ পলায়নের ঘটনা ঘটে। এতে করে আদালত চত্বরের সার্বিক নিরাপত্তা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে তীব্র চাঞ্চল্য ও প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক (ইন্সপেক্টর) মোহসীন হোসেন জানান, কাঠগড়ায় অবস্থানকালে চোখের পলকে হাতকড়া খুলে চত্বর থেকে পালিয়ে যান আসামি কাউসার।

কারাগার থেকে আসামিকে আদালতে আনা-নেওয়া এবং প্রহরায় নিয়োজিত দায়িত্বরত কনস্টেবল আরাফাত বলেন, “আসামি কাউসার কাঠগড়ায় হাতকড়া পরা অবস্থাতেই দাঁড়িয়ে ছিল। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আমি তার কাস্টডি পেপার আনতে আদালতের দরজার ঠিক সামনে যাই। কনস্টেবলের অনুপস্থিতি ও সুযোগের সদ্ব্যবহার করে কাউসার অলক্ষ্যে হাতকড়া খুলে কাঠগড়া থেকে নেমে চত্বর ছেড়ে সটকে পড়ে।”

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানিয়েছেন, ২০২০ সালের আলোচিত এই হত্যা মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার মামলার নির্ধারিত সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। সেই লক্ষ্যে আসামিকে কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়। তবে এদিন কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় বিচারক আগামী ২৮ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন পুনর্ধার্য করেন। আদেশ হওয়ার পরপরই এই পলায়নের ঘটনা ঘটে।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই রাতে ঢাকার দক্ষিণখান এলাকার দক্ষিণ পাড়ায় গার্মেন্টসকর্মী আলো আক্তারকে তাদের নিজ বাসার বাথরুমে ঢুকে উপরিউপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বাবা রবিউল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন।

ঘটনার দ্রুত তদন্তে নেমে পুলিশ পরদিনই টঙ্গী এলাকা থেকে কাউসার মিয়াকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাউসার জানায়, আলোর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে আলো তাকে এড়িয়ে চলা এবং অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর সন্দেহে ক্ষুব্ধ হয়ে সে পরিকল্পিতভাবে দক্ষিণখানের বাসায় উৎ পেতে থাকে। বাথরুম থেকে বের হওয়ার সময় আলোকে কথা বলতে বাধ্য করতে না পেরে নিজের সঙ্গে আনা চাকু দিয়ে তার বুকে ও পিঠে একাধিক আঘাত করে হত্যা নিশ্চিত করে।

ঘটনার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন দক্ষিণখান থানার তৎকালীন এসআই সুজন চন্দ্র কর্মকার আসামি কাউসারকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। ২০২২ সালের ২০ জুলাই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া (চার্জ গঠন) শুরু হয়। মামলায় ইতোমধ্যে নিহতের বাবা ও বোনসহ গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য প্রদান করেছেন।

দীর্ঘ প্রায় চার বছর ধরে কারাগারে বন্দি থাকার পর মঙ্গলবার অত্যন্ত কায়দা করে আদালত কক্ষ থেকেই চম্পট দিল এই হত্যা মামলার আসামি। ঘটনার পরপরই আদালত চত্বরসহ আশপাশের এলাকায় পুলিশি তল্লাশি ও রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং পুলিশ সদস্যের অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।