পাবনার ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ; বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

0
পাবনার ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ; বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

 ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পৈতৃক সম্পত্তি দখল কে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে জোরপূর্বক জমিতে বেড়া নির্মাণ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ রাফিন সরকার (২৭) নামে এক ব্যক্তি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সারুটিয়া গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেন টুকুর ছেলে মোঃ রাফিন সরকার এবং একই এলাকার হাবিবুর রহমান (২৬) ও মোঃ আল আমিন হোসেনের (২১) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, বিরোধপূর্ণ ৩৪ শতাংশ জমি তারা পৈতৃক সূত্রে পেয়েছেন। দীর্ঘদিন ধরে জমিটির খাজনা-খারিজ পরিশোধ করে ভোগদখল করে আসছেন তারা। তবে অভিযুক্তরা ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।

অভিযোগে আরও বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে অভিযোগকারীর বাবা আদালতে মামলা করেন। মামলার কাগজপত্র পর্যালোচনা ও দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত তাদের পক্ষে রায় দেন। এরপরও অভিযুক্তরা আদালতের আদেশ অমান্য করে ওই সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ৮ নভেম্বর বিকেল আনুমানিক ৩ টার দিকে অভিযুক্তরা বিরোধপূর্ণ সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক বেড়া নির্মাণ করেন। এ সময় বাধা দিতে গেলে অভিযোগকারীর বাবা কে মারধরের চেষ্টা করা হয়। পাশাপাশি তাদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী পরিবার।

এবিষয়ে অভিযোগকারী মোঃ রাফিন সরকার বলেন, আমরা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছি। জমি নিয়ে আদালতের রায়ও আমাদের পক্ষে রয়েছে। এরপরও প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। তারা আমাদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের সহযোগিতা চাই।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমান বলেন, জমিটি নিয়ে আমাদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। জমির মালিকানা নিয়ে আমাদেরও দাবি রয়েছে। আমরা জোরপূর্বক কারও জমি দখল করিনি। আমাদের বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। উল্টো আমাদের টিনের বেড়া ভাঙচুর করে আমাদেরকেই মেরে ফেলার হুমকি দিয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।

ছবি: ভাঙ্গুড়ায় পৈতৃক জমি দখল কে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ রাফিন সরকার।