ইসরায়েলে পার্লামেন্টের শপথে তুলকালাম: আরব এমপিদের লক্ষ্য করে ডানপন্থীদের কটূক্তি, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

0
ইসরায়েলে পার্লামেন্টের শপথে তুলকালাম: আরব এমপিদের লক্ষ্য করে ডানপন্থীদের কটূক্তি, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নতুন পার্লামেন্ট নেসেটের সদ্য নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে নজিরবিহীন হট্টগোল, ক্ষোভ প্রকাশ ও উত্তপ্ত বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। সরকার গঠনে দেশটির আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর ভূমিকা প্রধান হয়ে ওঠায় অধিবেশনকক্ষ জুড়েই ছিল রাজনৈতিক উত্তেজনা। একদিকে কট্টর ডানপন্থী নেতাদের বর্ণবাদী উসকানি ও কটূক্তি, অন্যদিকে জাতীয় সংগীত চলাকালে আরব আইনপ্রণেতাদের কক্ষত্যাগের ঘটনাকে কেন্দ্র করে চরম অচলাবস্থার রূপ নিয়েছে ইসরায়েলি রাজনীতি।

১২০ আসনবিশিষ্ট নেসেটে সরকার গঠনের জন্য ন্যূনতম ৬১টি আসনের প্রয়োজন। তবে মঙ্গলবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দুই প্রধান রাজনৈতিক শিবিরের কেউই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় এখন আরব দলগুলোর সমর্থনই হয়ে উঠেছে ক্ষমতার চাবিকাঠি।

শপথ গ্রহণ চলাকালেই তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভির আরব দল ‘জয়েন্ট লিস্ট’-এর নেতা ইউসুফ জাবারিনকে সরাসরি লক্ষ্য করে চিৎকার করে কটূক্তি করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘তিনি কার প্রতি আনুগত্যের শপথ নিচ্ছেন, হামাসের প্রতি?’

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বেন গভির চরমপন্থি অবস্থান পুনর্ব্যক্ত করে লেখেন, “যে অনুগত নয়, তার ইসরায়েলি নেসেটে থাকার কোনো অধিকার নেই!” তাঁর এই বিতর্কিত বক্তব্যে অধিবেশনকক্ষে উপস্থিত অন্যান্য সদস্যদের মধ্যেও তাৎক্ষণিক বাগ্‌যুদ্ধ শুরু হয়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিনিধি জানান, অনুষ্ঠানে ইসরায়েলের জাতীয় সংগীত বাজার ঠিক আগমুহূর্তে ‘জয়েন্ট লিস্ট’-এর বেশ কয়েকজন আইনপ্রণেতা প্রতিবাদস্বরূপ অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। মূলত দেশটির জাতীয় সংগীতে অ-ইহুদি তথা আরবদের ঐতিহ্যের অবমূল্যায়ন রয়েছে—এমন অভিযোগ থেকেই তারা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন এড়াতে কক্ষ ত্যাগ করেন। এই ঘটনা নেসেটের ভেতরে ও বাইরে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

অধিবেশনে দেওয়া বক্তব্যে বর্তমান প্রধানমন্ত্রী ও ডানপন্থী জোটের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু আরব দলগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, আরবদের দুটি প্রধান দল ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না, বরং তারা ইসরায়েলকে ধ্বংস করে ইসলামি বা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডা বাস্তবায়ন করছে।

যদিও বাস্তবতা হলো, ‘রাআম’ দলের নেতা মনসুর আব্বাস ইতিপূর্বে বহুবার প্রকাশ্যে ইসরায়েলকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিয়েছেন।

নেতানিয়াহুর এই বক্তব্যের প্রতিবাদে বামপন্থী দল ‘দ্য ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান অধিবেশন কক্ষ বর্জন করে বেরিয়ে যান। পরে সামাজিক মাধ্যমে তিনি মন্তব্য করেন, “জনগণ নেতানিয়াহুকে প্রত্যাখান করেছে—এই সত্য মেনে নিতে তাঁর কষ্ট হচ্ছে। ক্ষমতা আঁকড়ে রাখতে তিনি মিথ্যাচার করছেন এবং বৈষম্য ও আরব-বিদ্বেষের উসকানি দিচ্ছেন।”

এবারের নির্বাচনে মোট ১৯টি আসনে জয়লাভ করে ইতিহাস গড়েছে যৌথভাবে নির্বাচনে অংশ নেওয়া দুই আরব রাজনৈতিক দল ‘জয়েন্ট লিস্ট’ ও ‘রাআম’। নেসেটের ইতিহাসে যা কোনো আরব দলের জন্য সর্বোচ্চ ও নজিরবিহীন ফলাফল।

নেসেটের বর্তমান আসন চিত্রঃ বেনিয়ামিন নেতানিয়াহু (ডানপন্থী জোট) ৫৩টি আসন গাদি আইজেনকট (বিরোধী জোট) ৪৮টি আসন, আরব রাজনৈতিক দল (জয়েন্ট লিস্ট ও রাআম) ১৯টি আসন, সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন

যদিও নেতানিয়াহুকে হটাতে আইজেনকটের বিরোধী জোটের আরব দলগুলোর সমর্থন প্রয়োজন, তবুও বিরোধী শিবিরের অনেক নেতা আরবদের সাথে হাত মেলাতে দ্বিধাগ্রস্ত।

ডানপন্থী দল ‘ইসরায়েল বেইতেনু’-এর প্রধান আভিগদর লিবারম্যান আরব আইনপ্রণেতাদের অধিবেশন বর্জনের কঠোর সমালোচনা করে এক্সে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বিরোধী জোটকে প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, “আপনারা কি সত্যিই এমন দলগুলোর ওপর ভর করে জোট সরকার গঠন করতে চান?”

সব মিলিয়ে, আরব দলগুলোর অসামান্য সাফল্য এবং ডান ও বাম শিবিরের মধ্যবর্তী মেরুকরণে ইসরায়েলে স্থায়ী ও স্থিতিশীল সরকার গঠন নিয়ে এখন চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।