তাহিরপুর প্রতিনিধি : পাহাড়ের ছায়ায়, স্বচ্ছ জলের বুকে প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে বয়ে চলেছে যাদুকাটা নদী।যার ঢেউয়ে মিশে আছে জনপদের জীবন, জীবিকা ও হাজারো মানুষের স্বপ্ন।অথচ সেই নদীর বুকেই নিয়মবহির্ভূত বালু উত্তোলনের তৎপরতা ক্রমেই বাড়াচ্ছে পরিবেশগত উদ্বেগ। নদীর স্বাভাবিক প্রবাহ ও প্রতিবেশ রক্ষার প্রশ্নে এবার কঠোর অবস্থানে মাঠে নেমেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত টাস্কফোর্সের অভিযানে জব্দ করা হয়েছে ২১টি সীভ মেশিন,আটক করা হয়েছে দুটি স্টিলবডি।এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস রিপামনি দেবীর নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ।
অভিযানে অংশগ্রহণ করেন তাহিরপুর থানা পুলিশ, বিজিবি-২৮ লাউড়েরগড় বিওপি, ব্যাটালিয়ন আনসার ও ট্যাকেরঘাট নৌপুলিশের সদস্যরা। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের একজন প্রতিনিধিও অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে নিয়মবহির্ভূতভাবে সীভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অপরাধে ২১টি সীভ মেশিন জব্দ করা হয়। একই অপরাধে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্টিলবডি আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে স্টিলবডি দুটির মালিককে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে,যাদুকাটা নদী থেকে নিয়মবহির্ভূত উপায়ে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহলের মতে, যাদুকাটা নদী কেবল একটি জলধারা নয়,এটি নদীতীরবর্তী জনপদের অস্তিত্ব ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই নদী রক্ষায় বিচ্ছিন্ন অভিযান নয়, প্রয়োজন নিয়মিত নজরদারি,আকস্মিক অভিযান এবং আইনের নিরবচ্ছিন্ন প্রয়োগ। কারণ,নদীর বুক ক্ষতবিক্ষত হলে তার অভিঘাত শুধু প্রকৃতিতে নয়, এসে পড়ে মানুষের জীবনেও। যাদুকাটাকে বাঁচাতে হলে রক্ষা করতে হবে তার স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও দুই তীরের জনপদ।

