শীতের সবজিতে বাজার ভরপুর, তবুও হাতবদলের জাঁতাকলে ক্রেতা-কৃষকের নাভিশ্বাস

0
শীতের সবজিতে বাজার ভরপুর, তবুও হাতবদলের জাঁতাকলে ক্রেতা-কৃষকের নাভিশ্বাস

বাংলাদেশ প্রতিবেদকঃ পৌষ-মাঘের হাড়কাঁপানো শীত পুরোপুরি জেঁকে বসার আগেই রাজধানীর কাঁচাবাজারগুলো ভরে উঠেছে মৌসুমি সবজিতে। শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশ কিছু পণ্যের দাম নিম্নমুখী হতে শুরু করেছে। তবে মাঠপর্যায়ে কৃষকেরা ফসলের ন্যায্যমূল্য না পেলেও, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে রাজধানীর খুচরা বাজারে সেই সবজিই বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। ফলে সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত স্বস্তি মিলছে না সাধারণ ক্রেতাদের।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-৬ এবং মিরপুর ৬০ ফিট এলাকার কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্রই দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, বড় আকারের প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা কম। ছোট ও মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি মিলছে ৩০ থেকে ৩৫ টাকায়। কেজিতে ২০ টাকা পর্যন্ত কমে মুলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এছাড়া প্রতি কেজি শিম ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে নতুন আলু ও দেশি টমেটো উঠতে শুরু করলেও দাম এখনো সাধারণের নাগালের বাইরে। সপ্তাহ দেড়েক আগে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া নতুন আলু বর্তমানে ১২০ টাকায় নেমেছে; তবে পুরোনো আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। নতুন ও পুরোনো আলুর দামে এখনো বিস্তর ফারাক রয়ে গেছে। একইভাবে নতুন মৌসুমের দেশি টমেটো কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকা, পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা, আমদানি করা টমেটো ১১০ থেকে ১২০ টাকা এবং গাজর ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কাঁচা মরিচের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে; ১২০ টাকার কাঁচা মরিচ এখন ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

শাকের বাজারে প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ও সরিষাশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

রাজধানীর বাজারে চড়া দামে সবজি বিক্রি হলেও উৎপাদনস্থল চুয়াডাঙ্গায় বিরাজ করছে সম্পূর্ণ উল্টো চিত্র। কার্তিকের শেষ দিকে শীতের হালকা আমেজ পড়তেই চুয়াডাঙ্গার বিস্তীর্ণ মাঠজুড়ে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। কিন্তু উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন প্রান্তিক কৃষকেরা।

সরেজমিনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর ও গোপালপুর গ্রামে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ সবুজ ও সাদা ফুলকপিতে ভরে আছে। লক্ষ্মীপুর গ্রামের বর্গাচাষি রবিউল ইসলাম ধারদেনা করে ২৫ কাঠা জমিতে আগাম ফুলকপির আবাদ করেও হতাশ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “চড়া দামে সার-বীজ কিনে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়েছি। কিন্তু পাইকারেরা খেতে এসে ৫ থেকে ১০ টাকা পিস বা কেজি দরে ফুলকপি কিনছেন। এতে আমাদের উৎপাদন খরচই উঠছে না। অথচ আমাদের কাছ থেকে পানির দামে কিনে তারাই বাজারে কয়েক গুণ বেশি দামে বিক্রি করছেন।” কৃষকদের অভিযোগ, সরাসরি বাজারে নিয়ে গেলেও আড়তদার ও স্থানীয় ফড়িয়াদের সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম পাওয়া যায় না।

চুয়াডাংগায় মধ্যস্বত্বভোগীরা কিনছে ফুলকপি

অনুসন্ধানে দেখা গেছে, কৃষকের ক্ষেত থেকে পাইকারি আড়ত এবং সেখান থেকে খুচরা বাজার—মাত্র কয়েক দফা হাতবদলেই ১০ টাকা কেজির সবজি চুয়াডাঙ্গার স্থানীয় বাজারে ৩০ থেকে ৬০ টাকায় এবং ঢাকায় এসে ৫০ থেকে ১০০ টাকায় পৌঁছে যাচ্ছে।

বাজারের এই অস্থিরতায় নাভিশ্বাস উঠেছে সীমিত আয়ের মানুষের। মিরপুরের ক্রেতা জাহিদুল ইসলাম বলেন, “দামের কারণে প্রয়োজন অনুযায়ী বাজার করা যাচ্ছে না, অল্প অল্প করে কিনতে হচ্ছে। বিক্রেতারা এখন বলছেন ডিসেম্বরে দাম কমবে, ডিসেম্বরে বলবেন জানুয়ারির কথা। কিন্তু আমাদের তো প্রতিদিনই খেতে হয়।” চুয়াডাঙ্গার নিচের বাজারের ভ্যানচালক ইব্রাহিম আলীও একই সুরে বলেন, “আয় বাড়েনি, তাই অর্ধেক বাজার করেই বাড়ি ফিরতে হচ্ছে।”

দামের এই আকাশ-পাতাল ব্যবধান নিয়ে ব্যবসায়ীরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন যুক্তি। মিরপুরের সবজি বিক্রেতা আনোয়ার হোসেন জানান, পাইকারি বাজারে দাম কমলে খুচরায়ও কমে, সরবরাহ আরও বাড়লে আগামী দিনে দাম নাগালে আসবে। চুয়াডাঙ্গার নিচের বাজারের আড়তদার ময়েন মণ্ডল দাবি করেন, তাঁরা কমিশনে ৩ থেকে ৪ টাকা লাভে সবজি বিক্রি করেন, মূলত ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীরাই বেশি দামে বিক্রি করেন। অন্যদিকে, রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ী আলী হোসেনের দাবি, জ্বালানি তেলের বাড়তি দামের কারণে ট্রাক ভাড়া ও পথে অন্যান্য খরচ বেড়েছে, পাশাপাশি কাঁচামাল পচে যাওয়ার ঝুঁকি থাকায় খুচরা পর্যায়ে দাম কিছুটা বেশি পড়ে।

সবজির পাশাপাশি আমিষের বাজারে কিছুটা মিশ্র প্রবণতা দেখা গেছে। গত কয়েক মাস ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম কমে বর্তমানে ১৭০ থেকে ১৮০ টাকায় নেমেছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়। এছাড়া ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ডজনে ১০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে মাছের বাজার আগের মতোই চড়া। আকারভেদে রুই মাছ ২৫০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা এবং চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে মোটা চাল ও চিনির দাম বাড়লেও পেঁয়াজ, আমদানি করা রসুন, আদা, কাঁচা মরিচ ও শসার দাম কমেছে।

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত বাজার তদারকির কথা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, “কৃষকেরা যাতে ন্যায্যমূল্য পান, সে জন্য কৃষক ও পাইকারদের মধ্যে সরাসরি সংযোগ তৈরির চেষ্টা চলছে।” জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, হাতবদলের নামে কেউ কৃত্রিম সংকট তৈরি করলে বা অতিরিক্ত মুনাফা করলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।