কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ১৭ পিস ইয়াবাসহ মো. আল-আমিন সরদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত্র ১১ টার দিকে কলাপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় কালাম মাস্টারের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল হক খানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মুহা. শামীম আকনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে আল-আমিন সরদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আল-আমিন সরদার কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলসুখ রোড এলাকার ওহাব সরদারের ছেলে।
কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। আজ শুক্রবার মামলাটি রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

