স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন ও পেশাজীবীদের দলীয় রাজনীতিমুক্ত থাকার আহ্বান রাষ্ট্রপতির

0
স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন ও পেশাজীবীদের দলীয় রাজনীতিমুক্ত থাকার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ প্রতিবেদকঃ জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মন-মানসিকতায় ইতিবাচক পরিবর্তনের ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে চিকিৎসকসহ সব পেশাজীবী সংগঠনকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীতে ‘বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি’ আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

দেশের চিকিৎসাব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘দেশের চিকিৎসাসেবায় এখন বড় ধরনের সংস্কার প্রয়োজন। আমাদের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করে এবং এ খাতে রাষ্ট্রের যথেষ্ট বিনিয়োগও রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে সেই বিনিয়োগের কাঙ্ক্ষিত সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’

তিনি আরও উল্লেখ করেন, চিকিৎসাব্যবস্থায় এমন এক জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের জন্য সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পক্ষে তা বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দন্তচিকিৎসাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

উপজেলা ও গ্রামাঞ্চলের সরকারি হাসপাতালগুলোর জনবল সংকটের কথা তুলে ধরে রাষ্ট্রপতি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘অধিকাংশ সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। উপজেলা পর্যায়ে অনেক সময় চিকিৎসক পাওয়াই যায় না। ফলে নিরুপায় হয়ে সাধারণ মানুষ হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হন এবং অপচিকিৎসার শিকার হন।’

এ পরিস্থিতি উত্তরণে প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি তরুণ চিকিৎসকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘অনেক নবীন চিকিৎসক পাস করার পর গ্রামে গিয়ে সেবা দিতে অনীহা প্রকাশ করেন। কেউ গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ বা অন্য কোনো অজুহাতে শহরে ফিরে আসেন। দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে এই মানসিকতা বদলাতে হবে।’

চিকিৎসক ও অন্যান্য পেশাজীবী সংগঠনগুলোর স্বকীয়তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, ‘পেশাগত ক্ষেত্রে কোনোভাবেই দলীয়করণ কাম্য নয়। পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখতে পারলে স্বাস্থ্যখাতের অর্ধেক সমস্যাই দূর হয়ে যাবে। সরকার পরিবর্তন হলেই সংগঠনের সবকিছু বদলে যাওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।’

অনুষ্ঠানে আন্তর্জাতিক মানের এই সেমিনার ও এক্সপো আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি দেশের ডেন্টাল সার্জনদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক দন্তচিকিৎসার প্রসারে অগ্রণী ভূমিকা রাখবে। এর আগে রাষ্ট্রপতি সংগঠনটির একটি বিশেষ স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন এবং আয়োজকদের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির এবং ধন্যবাদ জ্ঞাপন ও সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান। দিনব্যাপী এই এক্সপো ও কনফারেন্সে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।