আদালত প্রতিবেদকঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। অন্যদিকে, সুপ্রিম কোর্টের বর্তমান রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের জ্যেষ্ঠ সদস্য মো. হেমায়েত উদ্দিনকে কুমিল্লার জেলা ও দায়রা জজের পদ থেকে বদলি করে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ এই পদে পদায়ন করা হয়েছে। তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে তিনি তার বর্তমান প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজের কাছে দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা পৃথক প্রজ্ঞাপনে মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মাসুম বিল্লার সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার সুপারিশ করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি হলো।
এর আগে গত ২০২৫ সালের ২৮ আগস্ট মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তৎকালীন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় শূন্য হওয়া পদে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
পাশাপাশি ২০২৫ সালের ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিবের অতিরিক্ত দায়িত্বও প্রদান করেন। ফলে এতদিন তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান—উভয় দায়িত্বই অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করে আসছিলেন।

