বাংলাদেশ প্রতিবেদকঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগে রাজধানী ঢাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে আটক করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাতে ধানমণ্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আলামিন ইসলাম অন্তর এবং উপদপ্তর সম্পাদক ইরতেজা আহসান জুবায়ের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রান্ত সিদ্দিকী বোয়ালমারী পৌরসভার ছোলনা গোরস্থানসংলগ্ন এলাকার আবু বক্কারের ছেলে। আলামিন ইসলাম অন্তর উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের বাসিন্দা এবং ইরতেজা আহসান জুবায়ের আধারকোঠা এলাকার প্রয়াত হান্নান মৃধার ছেলে।
ঘটনার পরপরই ওই তিন নেতাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছেন।
ভিডিওর কথোপকথনে দাবি করা হয়, আটকের সময় তারা নিজেদের পরিচয় আড়াল করতে ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের নেতা নয়নের নাম ব্যবহার করার চেষ্টা করেছিলেন। তবে জেরার মুখে তারা নিজেদের প্রকৃত রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন। এ সময় তাদের একজন স্বীকারোক্তিমূলক ভঙ্গিতে জানান, তারা রুহুল কবীর রিজভীর বাসায় হামলার উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপরই উপস্থিত নেতাকর্মীরা তাদের ধানমণ্ডি থানা পুলিশের হাতে তুলে দেন।
এদিকে, আটক তিন নেতাকে বেধড়ক মারধর করে পুলিশে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল। হোয়াটসঅ্যাপে গণমাধ্যমকে তিনি বলেন, “দিন তো আর এভাবে যাবে না। তারা মূলত মবের শিকার হয়েছেন। এলাকায় ও বাড়িতে ঘুমাতে পারেন না বলেই হয়তো ঢাকায় গিয়েছিলেন। তারা যদি কোনো অন্যায় করে থাকেন, তবে দেশের প্রচলিত আইন ও প্রশাসন আছে। কিন্তু তা না করে মব তৈরি করে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা প্রান্তসহ তিনজনকে মারধর করে পুলিশে দিয়েছেন।”
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এই তিন নেতা নিজ এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন। এর মধ্যে প্রান্ত সিদ্দিকী রাজধানীর জিগাতলায় স্বপ্ন শোরুমের পাশের একটি বাসায় এবং জুবায়ের ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় বসবাস করছিলেন। আলামিন ইসলাম অন্তরও ঢাকার একটি গোপন আস্তানায় অবস্থান করছিলেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে ধানমণ্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম জানান, “বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকায় এসে গোপন বৈঠক ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে থাকা পুরোনো রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বোয়ালমারী থানাতেও তাদের নামে মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি।”
রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “হামলার পরিকল্পনার বিষয়টি নিয়ে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

