সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় ঘন কুয়াশার মধ্যে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠাণ্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এলাকায় তীব্র কুয়াশা ছিল। এই কুয়াশার ভেতরেই আব্দুল আলীম ও ঠাণ্ডু মিয়া মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে তাদের সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনে মর্মান্তিক মৃত্যু ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

