গাজীপুর প্রতিনিধিঃ দীর্ঘ ১২ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দিনভর ঘেরাও, বিক্ষোভ ও ক্যাম্পাস ‘লকডাউন’ কর্মসূচির মুখে সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি কার্যালয় থেকে বের হতে সক্ষম হন।
এদিকে, ক্যাম্পাসে সৃষ্ট অচলাবস্থা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম (অফিস) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার রাতে উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং আসন্ন অধ্যক্ষ সম্মেলন-সংক্রান্ত কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে।
আদালতের নির্দেশে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামেন। এর আগে রবিবার উপাচার্যের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছিলেন তারা। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেই গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন আন্দোলনকারীরা। একপর্যায়ে বিকেল ৩টার দিকে প্রধান ফটক তালাবদ্ধ করে পুরো ক্যাম্পাসে ‘লকডাউন’ ঘোষণা করা হলে উপাচার্য নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন এবং প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।
আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায়ে চাকরি ফিরে পেলেও তারা দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও ন্যায্য বেতন স্কেল থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ এবং অন্যান্য খাতে ব্যয় অব্যাহত থাকলেও তাদের বকেয়া পাওনা পরিশোধে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
অবরুদ্ধ অবস্থায় সোমবার রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি লেখেন, “পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী আমাকে ৯ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। আদালতের রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দেব।”
সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগ তুলে তিনি আরও লেখেন, “কোনো চাপের কাছে অতীতেও মাথা নত করিনি, এখনো করব না। ৯ ঘণ্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।” পরে রাত ১০টায় অবরুদ্ধ কার্যালয়েই সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করেন উপাচার্য এবং সভা শেষে রাত সাড়ে ১১টার দিকে তিনি মুক্ত হন।
উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ জীবিত থাকা চাকরিচ্যুতদের পুনর্বহালের ঐতিহাসিক নির্দেশ দেন। রায়ে চাকরিচ্যুতির সময়কালকে ‘অসাধারণ ছুটি’ হিসেবে গণ্য করে জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রাখার নির্দেশনা দেওয়া হয় এবং মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় বেতন-ভাতা নির্ধারণের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়। সেই রায়ের পূর্ণাঙ্গ আর্থিক ও প্রশাসনিক বাস্তবায়নের দাবিতেই বর্তমানে আন্দোলনে নেমেছেন পুনর্বহাল হওয়া এই কর্মীরা।

