টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না: জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

0
টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না: জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ প্রতিবেদকঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, গাড়ি পোড়ানো ও নাশকতার সঙ্গে জড়িত প্রতিটি দুষ্কৃতিকারীকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি পরিষ্কার জানিয়েছেন, মাইকে ঘোষণা দিয়ে যারা এই ন্যক্কারজনক আক্রমণের আহ্বান জানিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না—আজ হোক কিংবা কাল, তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দেশের আইনশৃঙ্খলার ওপর বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

টুঙ্গিপাড়ার অনভিপ্রেত ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্কৃতিকারীরা যদি মনে করে থাকে যে তাদের ভিডিও রেকর্ড ও সিসিটিভি ফুটেজ আমাদের কাছে নেই, তবে তারা সম্পূর্ণ ভুল করবেন। যারা থানায় আক্রমণ চালিয়েছে, পুলিশের গাড়িতে আগুন দিয়েছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে নৈরাজ্য করেছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘মাইকে ঘোষণা দিয়ে যারা এই থানায় আক্রমণের উসকানি ও নেতৃত্ব দিয়েছে, তাদের প্রত্যেককে যাচাই-বাছাই করে আইনের হেফাজতে নেওয়া হবে। অপরাধ করে কেউ পার পাবে না।’

গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকুন। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং সীমান্তের ওপাড় থেকে যারা এই দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য উসকানি দিচ্ছে, তাদের কোনো পাতা ফাঁদে আপনারা পা দেবেন না।’

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো সম্পূর্ণ আওয়ামী চরিত্র। আওয়ামী লীগের চরিত্রের মধ্যে কোনো সভ্যতা নেই, ভব্যতা নেই, ভদ্রতা নেই এবং গণতান্ত্রিক চর্চাও নেই। তাদের চরিত্রজুড়ে রয়েছে কেবল স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ। তারা অতীতেও এসব করেছে, ভবিষ্যতেও এ ধরনের অপচেষ্টা চালিয়ে যাবে। তবে এসব অপকর্মের মাধ্যমেই তারা প্রমাণ করে যাচ্ছে যে, এই স্বাধীন বাংলাদেশে তারা আজ সম্পূর্ণ অপাঙক্তেয়।’

সংসদ অধিবেশনে এ সময় সাম্প্রতিক একটি আন্তর্জাতিক ঘটনার তীব্র নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যে অবস্থানরত বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী সন্ত্রাসীর হামলার চেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা জাতীয় সংসদ থেকে এই কাপুরুষোচিত হামলার চেষ্টার তীব্র নিন্দা জানাই। যুক্তরাজ্যে অবস্থানরত আমাদের দূতাবাস এবং দেশটির স্থানীয় যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে, যেন এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়।’