গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

0
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চরম অস্থিতিশীল পরিস্থিতি ও সহিংসতার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এস এম জিলানীর বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় অবস্থিত সংসদ সদস্যের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, রাত পৌনে ৯টার দিকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে একদল যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এস এম জিলানীর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর চালান এবং বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেন। ভিডিওতে হামলাকারীদের একজনকে ‘জিলানীর বাড়ি শেষ’ বলে চিৎকার করতেও শোনা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য এস এম জিলানীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান রাত ১০টার পর জানান, ‘বিভিন্ন মাধ্যমে আমরা সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছি।’

এমপির বাড়িতে অগ্নিসংযোগের কিছুক্ষণ আগেই সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন তাণ্ডব চালান নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক নাশকতার ঘটনায় গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে সন্ধ্যা ৭টার দিকে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে থানা ঘেরাও করেন।

পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে হামলাকারীদের তীব্র ধাওয়ার মুখে পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। একপর্যায়ে বিক্ষুব্ধরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং লকার ভেঙে গ্রেপ্তারকৃত আসামিদের ছিনিয়ে নেন। এ সময় থানা চত্বরে থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামরুন মুনিরা থানায় অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, থানা ও এমপির বাড়িতে হামলার খবর পেয়ে গোপালগঞ্জ জেলা শহর থেকে পুলিশ, বিজিবি ও আনসারের অতিরিক্ত সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিলে পথে বাধার মুখে পড়েন। হামলাকারীরা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের খালেকবাজার ও নিলফা বাজারসহ কয়েকটি পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করেন।

দফায় দফায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র হাতে মহড়ার ঘটনায় পুরো টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।