গাজীপুর প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুর শহরের একটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর জোর পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দক্ষিণ ছায়াবীথি এলাকায় মোজাম্মেল হকের একটি আলিশান আটতলা ভবনের পাশেই তাঁর একটি পুরাতন টিনশেড বাড়ি রয়েছে, যা মূলত ভাড়া দেওয়া ছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ওই টিনশেড বাড়িতে হানা দেয়। তারা মানবিক দিক বিবেচনায় প্রথমে ভেতরে থাকা ভাড়াটিয়াদের নিরাপদে ঘর থেকে বের করে দেয় এবং পরক্ষণেই পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
শুকনো কাঠ ও টিনের কাঠামো হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে পাশেই থাকা তাঁর আটতলা ভবনটি অক্ষত রয়েছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় আধা ঘণ্টার আপ্রাণ চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে টিনশেড ঘরটির আসবাবপত্র ও ভেতরের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয়দের ধারণা, এই অগ্নিসংযোগের নেপথ্যে সাম্প্রতিক একটি বিতর্কিত ঘটনা কাজ করে থাকতে পারে। উল্লেখ্য, মঙ্গলবার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কথিত একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। ওই অডিওতে তাঁকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালানো এবং নেতাকর্মীদের ওপর আক্রমণ করার নির্দেশ ও উসকানি দিতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। এই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পরপরই গাজীপুরসহ সারা দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গাজীপুরের ধীরাশ্রম এলাকায় অবস্থিত মোজাম্মেল হকের পৈতৃক গ্রামের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
অগ্নিকাণ্ডের বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা সাবেক মন্ত্রীর ওই টিনশেড বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
তিনি আরও জানান, কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, ঘটনার পর থেকে দক্ষিণ ছায়াবীথি ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

