বিদেশি নম্বর থেকে জোরারগঞ্জ থানার ওসিকে সপরিবারে হত্যার হুমকি, থানায় জিডি

0
বিদেশি নম্বর থেকে জোরারগঞ্জ থানার ওসিকে সপরিবারে হত্যার হুমকি, থানায় জিডি

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত একটি বিদেশি নম্বর থেকে পাঠানো বার্তায় চলমান গ্রেপ্তার অভিযান বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে তাঁর পরিবার ও বংশ শেষ করে দেওয়ার ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

থানা ও জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে দফায় দফায় ওসি মোহাম্মদ আব্দুল হালিমের সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে ‘+২৭৭৩৬৩৫৬৪২৩’ (দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত) নম্বর থেকে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়।

বার্তাগুলোতে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চরম ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। ইংরেজিতে পাঠানো একটি বার্তায় লেখা হয়, ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’ (আমরা তোমার পরিবার নিয়ে চিন্তিত। তুমি যা করছ তা চালিয়ে গেলে আমরা খুব দ্রুত ব্যবস্থা নেব)।

অপরদিকে বাংলায় পাঠানো বার্তায় সরাসরি হুমকি দিয়ে বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো’ এবং *‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে’।

এছাড়া অন্য একটি বার্তায় ওসিকে গ্রেপ্তার অভিযান থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে লেখা হয়, *‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’* সর্বশেষ বার্তায় তাঁকে ‘কাফনের কাপড় প্রস্তুত রাখার’ মতো চরম ঔদ্ধত্যপূর্ণ হুমকি দেওয়া হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে ওই রাতেই (১৮ নভেম্বর) জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেন।

হুমকির বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরারগঞ্জ থানা-পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, দীর্ঘদিনের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি, মাদক কারবারি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত এই কঠোর আইনগত পদক্ষেপের কারণেই অপরাধী চক্র ক্ষুব্ধ হয়ে তাঁকে এ ধরনের হুমকি দিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

তিনি আরও বলেন, “হুমকিদাতার ব্যবহৃত বিদেশি নম্বরটির প্রকৃত অবস্থান ও পরিচয় শনাক্ত করতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্ট প্রযুক্তিগত শাখা কাজ শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”

উল্লেখ্য, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশের ঊর্ধ্বতন মহলে বেশ সুনাম রয়েছে ওসি মোহাম্মদ আব্দুল হালিমের। জোরারগঞ্জ থানায় যোগদানের পর থেকে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা এবং দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনি চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন।