‘একজনের গায়ে হাত পড়লে ১০ জনকে মারব’: গোয়ালন্দে বিএনপি নেতার পাল্টা হুঁশিয়ারি

0
‘একজনের গায়ে হাত পড়লে ১০ জনকে মারব’: গোয়ালন্দে বিএনপি নেতার পাল্টা হুঁশিয়ারি

রাজবাড়ী প্রতিনিধি: বিএনপির কোনো নেতাকর্মীর ওপর হামলা বা বাড়িঘরে অগ্নিসংযোগ করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ জনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এই বক্তব্য দেন বলে স্থানীয় দলীয় ও সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত ওই সমাবেশে মজিবর রহমান মোল্লা বলেন, “যদি একজন বিএনপির নেতাকর্মী মাইর খায়, আমরা ১০ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে মারব। যদি একটি বাড়ি পোড়ে, ১০টি বাড়ি আওয়ামী লীগের পোড়াব।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি আরও বলেন, ভালো থাকার জন্য তাদের অনেক সুযোগ দেওয়া হয়েছে, তবে আর কোনো সুযোগ দেওয়া হবে না। দীর্ঘ ১৭ বছর বিএনপি রাজপথে ছিল এবং এখনো রাজপথে সক্রিয় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে গোয়ালন্দ পৌর বিএনপির এই নেতা বলেন, “সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে অবস্থা শুরু করেছে, তার প্রমাণ দেখছেন গোপালগঞ্জে। সেখানে থানা ও আমাদের দলের এমপির বাড়িঘর জ্বালিয়ে-পুড়িয়ে ও ভাঙচুর করে ধ্বংস করা হয়েছে এবং থানা লুট করা হয়েছে। সে কারণেই আমরা গোয়ালন্দ মোড়ে অবস্থান নিয়েছি। এখানে কখনো এ ধরনের পরিস্থিতি দেখা দিলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে গোয়ালন্দ মোড়ের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আসলাম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে আসলাম মিয়া বলেন, বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা স্বাধীনভাবে কর্মসূচি পালন করতে পারেননি; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের কর্মসূচিতে বাধা দিয়েছে এবং হয়রানিমূলক মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে।

গোপালগঞ্জের ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, রাজবাড়ীকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না এবং কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে। এ সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দলের নেতাকর্মীদের রাজপথে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন এবং যেকোনো নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। বক্তাদের মধ্যে ছিলেন আবুল কাশেম মণ্ডল, সভাপতি, গোয়ালন্দ পৌর বিএনপি, মোশারফ আহমেদ, সাধারণ সম্পাদক, গোয়ালন্দ উপজেলা বিএনপি, মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, গোয়ালন্দ উপজেলা বিএনপি

সমাবেশ শেষে নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষ করেন।