কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারার কৃষকদের পেঁপে চাষে আগ্রহ বাড়ছে দিন দিন। উপজেলার ধরমপুর ইউনিয়নে কাজীহাটা গ্রামে আসিফ আওয়াল উৎসের বাগানে শাহী জাতের প্রতিটি পেঁপের ওজন এখন চার থেকে পাঁচ কেজি। ক্রেতাদের কাছে এই পেঁপের চাহিদা রয়েছে বলে জানান তিনি।
এসব জাতের গাছে চার-পাঁচ মাসের মধ্যে ফল ধরতে শুরু করে। ছয় মাসের মধ্যে পেঁপে বিক্রির উপযোগী হয়। ফলের স্বাদ ও আকারের কারণে ব্যবসায়ীরা বাগান থেকেই পেঁপে কিনে নিয়ে যান বলে জানান এই কৃষক। বাগান থেকে কাঁচা ও পাকা দুই ধরনের পেঁপেই বিক্রি করছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও সকাল থেকে পেঁপে বাগানে ব্যস্ত আসিফ আওয়াল উৎস। কোনো পেঁপে গাছ হেলে পড়লে সেটি সোজা করছেন, গাছের গোড়ার আগাছা পরিষ্কার করছেন। আবার কখনো গাছের পেঁপের পরিপক্বতা যাচাই করছেন। তাঁর এই চাষাবাদ দেখতে স্থানীয়রাও বাগানে ভিড় করছেন।
পেঁপে চাষি আসিফ আওয়াল উৎসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০ শতক জমিতে পেঁপে চাষে তার উৎপাদন খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। বাগানে এখনো উল্লেখযোগ্য পরিমাণ পেঁপে রয়েছে। অবশিষ্ট পেঁপে বিক্রি করে ৮০ থেকে ৯০ হাজার টাকা লাভ পাওয়ার আশা করছেন তিনি। তবে চূড়ান্ত বিক্রির পরিমাণ নির্ভর করবে অবশিষ্ট ফলন ও বাজারদরের ওপর।
ভেড়ামারা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সদরুল ইসলাম বলেন, ‘পেঁপে একটি লাভজনক ও সম্ভাবনাময় ফসল। সঠিক জাত নির্বাচন, নিয়মিত পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণ করতে পারলে পেঁপে চাষে ভালো ফলন ও আয় করা সম্ভব। পেঁপে কাঁচা ও পাকা দুইভাবেই বিক্রি করা যায়। ফলে কৃষকেরা বাজারের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রির সুযোগ পান। আসিফ আওয়াল উৎসের মতো তরুণেরা কৃষিতে উদ্যোগী হলে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কৃষিতে আগ্রহী করে তুলতে পারেন।’

