কারমাইকেল কলেজে কাকাশিসের ১৭ বছরপূর্তিতে দুই দিনব্যাপী উৎসব

0
কারমাইকেল কলেজে কাকাশিসের ১৭ বছরপূর্তিতে দুই দিনব্যাপী উৎসব

জয়নাল আবেদীনঃ রংপুর কারমাইকেল কলেজের সাংস্কৃতিক সংগঠন কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা-সংস্কৃতি সংসদের (কাকাশিস) ১৭ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসব শনিবার শেষ হচ্ছে । উৎসবের প্রথম দিনে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, জন্মদিনের কেককাটা ও নতুন কমিটি ঘোষণা করা হয়।

শোভাযাত্রা শেষে লিচুতলার সংস্কৃতি মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ ও কাকাশিস’র পৃষ্টপোষক প্রফেসর মো. হাবিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ড. শাশ্বত ভট্টাচার্য। সংগঠনের বিদায়ী সভাপতি সঞ্চয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও কাকাশিস’র প্রধান তত্ত্বাবধায়ক শিক্ষক প্রফেসর ড. মো. সাইফুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও তত্ত্বাবধায়ক শিক্ষক মো. ওয়াহেদুজ্জামান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও তত্ত্বাবধায়ক শিক্ষক অভিলাষময় ঈশোর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক উপদেষ্টা এম এ রউফ খান, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক মনিরুল হক প্রধান ও বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের যন্ত্রশিল্পী বাচ্চু কুমার দাশ।‎

সংগঠনের ওয়াহিদা সুলতানা রুমানা ও মুহতাসিম ফুয়াদ সিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাকাশিস এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফরহাদুজ্জামান ফারুক, সাবেক সভাপতি উর্মি রায়, সাবেক সভাপতি বাঁধন বাগচী, সাবেক সহ-সভাপতি মিথিলা মোকাররমা ও বিদায়ী সাধারণ সম্পাদক ভেজা রানী বর্মন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে কেককাটা শেষে আগামী ২০২৬-২০২৭ বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করেন কলেজ উপাধ্যক্ষ ও সংগঠনের পৃষ্ঠপোষক প্রফেসর মো. হাবিবুর রহমান। ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আগামী এক বছর সভাপতি হিসেবে জান্নাতুল ফেরদৌসী ও মুহতাসিম ফুয়াদ সিহাব সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন।

শনিবার উৎসবের সমাপনী দিনে নতুন কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এদিন সংগঠনের নতুন ও পুরনো সদস্য এবং প্রতিষ্ঠাতাদের পুনর্মিলনীতে আয়োজন আরও আনন্দঘন হবে।