নতুন ভৌগোলিক অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, ‘ট্রিগারে আঙুল’ রেখে প্রস্তুত বাহিনী

0
নতুন ভৌগোলিক অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, ‘ট্রিগারে আঙুল’ রেখে প্রস্তুত বাহিনী

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন ভৌগোলিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র ব্যবহারের পূর্ণ সক্ষমতা ইরানের রয়েছে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। এ ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের মজুত বা সংখ্যা, অবস্থান কিংবা উৎক্ষেপণ স্থাপনা নিয়ে তেহরানের কোনো ধরনের সীমাবদ্ধতা নেই বলেও দাবি করেছেন তিনি। সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ পাওয়ামাত্রই প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই কর্মকর্তা।

শুক্রবার (২০ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি।

সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল বেলালি বলেন, “নতুন ভৌগোলিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা ও কারিগরি সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। নির্দেশ দেওয়া হলেই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান কিংবা স্থাপনার ক্ষেত্রে আমাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে, বিষয়টি মোটেও তেমন নয়।”

দেশের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং তারা ‘ট্রিগারে আঙুল রেখে’ শত্রুপক্ষের যেকোনো ভুল হিসাব বা বেপরোয়া পদক্ষেপের জবাব দেওয়ার অপেক্ষায় আছে।

কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইআরজিসির এই জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, “যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে শত্রুপক্ষ যেখানেই অবস্থান করুক না কেন, সেখানেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হবে।”

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মোকাবিলায় প্রতিপক্ষ দেশগুলোকে চড়া মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেন জেনারেল বেলালি। তিনি উল্লেখ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে শত্রুদের বিপুল অর্থ ব্যয় করে দীর্ঘ সময় ধরে মার্কিন ‘থাড’ (THAAD)-এর মতো কোটি কোটি ডলারের ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে হচ্ছে।

পাশাপাশি ইরানের শত্রুরা তেহরানের বিরুদ্ধে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আলোচনা, সামরিক সরঞ্জাম স্থানান্তর, গোলাবারুদ পরিবহন এবং সামরিক হুমকির মতো বিষয়গুলো সামনে এনে প্রতিপক্ষ দেশগুলো জনমনে সন্দেহ ও বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

এ ছাড়া আঞ্চলিক দেশগুলোর প্রতি ইঙ্গিত করে ব্রিগেডিয়ার জেনারেল বেলালি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতার বিনিময়ে কী ধরনের মূল্য দিতে হয়, তা এই অঞ্চলের দেশগুলো ইতোমধ্যে ভালোভাবেই বুঝতে পেরেছে।

সূত্র: আল জাজিরা ও ইরনা