বড়লেখা সীমান্তে বিএসএফের ২০ জনকে ‘পুশ ইন’ চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ

0
বড়লেখা সীমান্তে বিএসএফের ২০ জনকে ‘পুশ ইন’ চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুটি দুর্গম সীমান্ত পয়েন্ট দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক টহল ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফের সেই অপচেষ্টা ভেস্তে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে বড়লেখা উপজেলার লাতু ও পাল্লাথল সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে এই অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতের আঁধার ও প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ সদস্যরা ওই ২০ জনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি সীমান্তে দায়িত্বরত বিজিবির নিয়মিত টহল দলের নজরে আসামাত্রই সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অবস্থান নেন এবং তাৎক্ষণিকভাবে বাধা প্রদান করেন। বিজিবির কঠোর প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ এবং পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি ও স্থানীয় সীমান্ত সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকার বিভিন্ন পয়েন্টে বিএসএফ বেশ কয়েকজন নারী-পুরুষকে জড়ো করে রেখেছে এবং সুযোগ বুঝে তাদের বাংলাদেশে পাঠানোর অপতৎপরতা অব্যাহত রেখেছে।

তবে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন রোধে মৌলভীবাজারের বিস্তীর্ণ সীমান্তজুড়ে আগের তুলনায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করেছে বিজিবি। স্পর্শকাতর সীমান্ত পয়েন্টগুলোতে দিনরাত ২৪ ঘণ্টা নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।