মাত্র ছয় আনা স্বর্ণের জন্য বৃদ্ধাকে হত্যা, কান-নাক কেটে অলংকার লুট

0
মাত্র ছয় আনা স্বর্ণের জন্য বৃদ্ধাকে হত্যা, কান-নাক কেটে অলংকার লুট

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মাত্র ছয় আনা স্বর্ণালংকার ছিনিয়ে নিতে ৬৯ বছর বয়সী এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নিতে বৃদ্ধার কান ও নাক কেটে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

নিহত বৃদ্ধার নাম বেগম বিবি। তিনি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরার মধ্যেরচক গ্রামের মৃত আমজাদ মোল্লার স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে একাই থাকতেন তিনি।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে একা পেয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পাশের একটি গাছের মোটা ডাল দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার কান ও নাক কেটে কানের দুল ও নাকফুল নিয়ে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।

নিহতের ছেলে জসিম মোল্লা বলেন, ‘আমার মা বাড়িতে একা থাকতেন। তার সামান্য ছয় আনা স্বর্ণের জন্য ছিনতাইকারীরা নির্মমভাবে হত্যা করল। এই বিচার আমি কার কাছে দেব? কাউকে তো দেখিনি। তারপরও থানায় মামলা করব। পুলিশ যদি অপরাধীদের শনাক্ত করে শাস্তি দিতে পারে, তাহলে আমার পরানটা শান্তি পাবে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই বৃদ্ধার ওপর হামলা চালানো হয়। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।