আজকের ডেস্কঃ ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে এবং তারা জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
আগামীকাল শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দিবসটি উপলক্ষ্যে তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাণীতে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক সাধারণ জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নিলে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে। এই ঐতিহাসিক দিনের স্মরণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীরই একজন কর্মকর্তা, যা সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অনন্য ও গৌরবময় অধ্যায়।
সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক বিকাশ ও আধুনিকায়নের ইতিহাস তুলে ধরে সরকারপ্রধান বলেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও পেশাদার আধুনিক বাহিনীতে রূপান্তর করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ধারা অব্যাহত থাকে। বর্তমান সরকারও উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে একটি প্রযুক্তিনির্ভর, গতিশীল ও চৌকস বাহিনী হিসেবে গড়ে তুলতে নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তারেক রহমান বলেন, কেবল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধই নয়, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও দেশ ও জনগণের পক্ষে সশস্ত্র বাহিনীর ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ও মানবিক ভূমিকা জনগণের আস্থা অর্জন করেছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের এই অর্জন সমগ্র জাতির জন্য অত্যন্ত গৌরবের।
তবে বাংলাদেশের স্বার্থবিরোধী একটি মহল বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সব ষড়যন্ত্র নস্যাৎ করে সশস্ত্র বাহিনী তার সাফল্যের যাত্রা অব্যাহত রেখেছে।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠ—সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার তরে জীবনদানকারী সশস্ত্র বাহিনীর সকল বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি দিবসটি উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

