শাল্লায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক, এলাকায় উত্তেজনা

0
শাল্লায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক, এলাকায় উত্তেজনা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এর আগে সকালে উপজেলার ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমামের কক্ষের লেপের নিচ থেকে ওই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

আটক সাদিকুর রহমান শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একই উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ইয়ারাবাদ গ্রামের ওই কিশোরী স্থানীয় একটি মুদি দোকান থেকে চা পাতা কিনতে যাচ্ছিল। পথিমধ্যে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ইমাম সাদিকুর রহমান কৌশলে বা জোরপূর্বক তাকে নিজের কক্ষে টেনে নিয়ে যান।

ঘটনার সময় মসজিদের পাশ দিয়ে যাওয়া গ্রামের সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী কিশোরীকে টেনে নেওয়ার দৃশ্য দেখতে পায় এবং ইমামের কক্ষের দরজার সামনে কিশোরীর জুতা পড়ে থাকতে দেখে। বিষয়টি তারা দ্রুত আশপাশের বাড়ির লোকজনকে জানায়। এরপর গ্রামবাসী একত্রিত হয়ে ইমামের কক্ষে প্রবেশ করে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন।

কিশোরীকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ গ্রামবাসী ইমাম সাদিকুর রহমানকে ধরে মারধর করেন এবং আটকে রেখে শাল্লা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

কিশোরীকে উদ্ধারকারী ও ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নাজির উদ্দিন বলেন, “সকালে দুইজন স্কুলছাত্র এসে জানায়, ইমাম এক মেয়েকে টেনে তার রুমের ভেতরে নিয়ে গেছে। পরে সবার উপস্থিতিতে ইমাম সাহেবের কক্ষে ঢুকে লেপের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় সবার সামনেই ইমাম সাহেব মেয়েটির হাত ধরার কথা স্বীকার করেন।”

ভুক্তভোগী ওই কিশোরী জানায়, “সকালে চা পাতা আনার জন্য দোকানে যাচ্ছিলাম। এ সময় মসজিদের ইমাম আমার হাত ধরে রুমের ভেতরে নিয়ে মুখ চেপে ধরেন এবং লেপ দিয়ে ঢাকার চেষ্টা করেন। আমি চিৎকার করতে চাইলে তিনি মুখে চাপ দিয়ে ধরে রাখেন।”

তবে অভিযুক্ত ইমাম সাদিকুর রহমান কিশোরীর হাত ধরা ও লেপ দিয়ে ঢাকার কথা স্বীকার করলেও ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। গ্রামবাসী ও পুলিশের সামনে তিনি দাবি করেন, “ওই মেয়ে আমার রুমে ঢুকেছিল। মেয়ে গেছে আমি ধরছি। পরে মানুষ দেখতে পেয়ে যাওয়ার ভয়ে তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলাম। তার হাত ধরা ছাড়া অন্য কিছু করি নাই। আমি অন্যায় করিলাইছি, ভুল করিলাইছি, আমরারে আল্লাহ্‌র ওয়াস্তে মাফ কইরা দেইন।”

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল জানান, স্থানীয়দের অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। কিশোরীর শারীরিক পরীক্ষা, জবানবন্দি গ্রহণ এবং আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।