উত্তপ্ত নড়াইল: দুই বিএনপি নেতা হত্যার জেরে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ ৬০ স্থাপনায় অগ্নিসংযোগ ও লুটপাট

0
উত্তপ্ত নড়াইল: দুই বিএনপি নেতা হত্যার জেরে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ ৬০ স্থাপনায় অগ্নিসংযোগ ও লুটপাট

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিশোধ ও ক্ষোভের জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাস এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত অর্ধশতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ জনতা এই তাণ্ডব চালায় বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা ও নাশকতার প্রতিবাদে গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল বের করেন। বহরটি কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ শাহীন মোল্যা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া মডেল মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়। মূলত এই জোড়া হত্যাকাণ্ডের জের ধরেই পুরো উপজেলায় চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল।

গতকাল শুক্রবার দুপুরে নিহত দুই নেতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে ও কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত ও শোকসভার পরপরই শুক্রবার বিকেল থেকে এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা বেন্দারচরসহ আশপাশের এলাকায় সাবেক এমপি কবিরুল হক মুক্তি, সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। স্থানীয়দের দাবি, অন্তত ৫০ থেকে ৬০টি বাড়িতে এই হামলা চালানো হয়েছে।

ঘটনার বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের যে সংখ্যা প্রচার করা হচ্ছে, তার সবটা পুরোপুরি সত্য নয়। বিক্ষুব্ধ জনতা ২০টির মতো বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বাকি বাড়িঘরগুলো মূলত ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়ই ভাঙচুর করা হয়েছিল।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে, ওসি ইদ্রিস আলী আরও জানান, দুই বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং আজ শনিবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।