জয়নাল আবেদীন: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রংপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার বিকেলে দিনটি উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আগত খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জিওসি তার স্বাগত বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রংপুর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি রংপুরের বীর মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং আগত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বক্তব্যে তিনি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশগঠনমূলক কর্মকান্ডে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান অতিথি আরও বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জিওসি এবং বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতি ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়েছিল, যার ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ, রংপুর সদর আসনের সাংসদ মাহবুবুর রহমান বেলাল,রংপুর উন্নয়ন র্কর্তপক্ষের চেয়ারম্যান মহানগর বিএনপি‘র আহবায়ক মো: সামসুজ্জামান সামু,ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, মেট্রোপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশীদ, মহানগর বিএনপি‘র সদস্য সচিব রংপুর সিটি‘র প্রশাসক এ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধূরী ডন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা: আনোয়ার হোসেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মন্জুরুল ইসলাম সহ নগরির বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে ক্যান্ট পরিচালিত শহীদ সামাদ , মিলিনিয়াম স্টার, এবং ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মনোরম নৃত্য এবং দেশাত্ববোধক গান পরিবেশন করেন ।

