আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি বিবেচনায় রয়েছে, পদক্ষেপ নেওয়া হবে আইনি প্রক্রিয়ায়: আইনমন্ত্রী

0
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি বিবেচনায় রয়েছে, পদক্ষেপ নেওয়া হবে আইনি প্রক্রিয়ায়: আইনমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদকঃ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে এবং এ সংক্রান্ত আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করেছেন যে, সরকার কোনো বেআইনি পথ অনুসরণ না করে সম্পূর্ণ প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, “বিষয়টি আমাদের বিবেচনায় তো আছেই। তবে আমরা বেআইনি কোনো পথ ধরে হাঁটতে চাই না; যা কিছু হবে তা সম্পূর্ণ আইনিভাবেই হবে।” ঠিক কোন প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে—সাংবাদিকদের এমন পাল্টা প্রশ্নে তিনি জানান, সময়ই তা বলে দেবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য আলাদা বা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পক্ষে তিনি নন। দেশের প্রচলিত বিচারব্যবস্থার ওপর আস্থা রেখে তিনি বলেন, “দেশের যতগুলো আদালতে মামলা দায়ের হয়েছে এবং যেসব আদালতের এখতিয়ার (জুরিসডিকশন) রয়েছে, সেসব আদালতেই যথাযথ নিয়মে বিচারকাজ সম্পন্ন হবে।”

এর আগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের মানবাধিকার পরিস্থিতি, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন।

২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করে আইনমন্ত্রী বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া সাতশোরও বেশি নেতাকর্মীকে তুলে নিয়ে গুম করা হয়েছে, যাদের অনেকেরই আজও কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ সেই মানুষগুলোর স্বজনরা এখনো প্রতি রাতে জায়নামাজে বসে চোখের জলে প্রিয়জন ফেরার প্রহর গুনছেন।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, “এতগুলো প্রাণহানি ও ইতিহাসের জঘন্যতম অধ্যায় রচনার পরও যাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনাবোধ নেই, তারা সম্প্রতি গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছে এবং নড়াইলে আমাদের দুজন সহযোদ্ধাকে হত্যা করেছে।”

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতন্ত্রের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, “ওরা হয়তো ভাবছে আমরাও ওদের মতো মিছিলে গুলি চালাব। কিন্তু আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জেন-জি প্রজন্ম রক্ত দিয়ে যে গণতন্ত্র ও নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, আমরা সেই গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসনের পথ ধরেই সামনে এগোব।”

সকল প্রকার অপরাধ ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বক্তব্যের শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে সরকার আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিকভাবেও শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।

অনুষ্ঠানে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত চুয়াডাঙ্গার কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।