কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা ও বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ দুজনকে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
রোববার (২২ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামের পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৫৪ রাউন্ড গুলি
প্রাথমিক তথ্যের ভিত্তিতে বিজিবি ধারণা করছে, উদ্ধারকৃত আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির উপকরণগুলো কোনো বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সংশ্লিষ্ট এলাকায় এই অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রের ধারণা, সীমান্তবর্তী একটি সংঘবদ্ধ চক্র পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধ পথে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করে থাকতে পারে। এই চালানের পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযান, উদ্ধারকৃত সরঞ্জামের পূর্ণাঙ্গ বিবরণ এবং আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত জানাতে রোববার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিজিবি। ওই সংবাদ সম্মেলনে পুরো ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

