শাহজালাল বিমানবন্দরে কোমরে বাঁধা সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ চক্রের ৩ সদস্য আটক, বাজারমূল্য পৌনে ১২ কোটি টাকা

0
শাহজালাল বিমানবন্দরে কোমরে বাঁধা সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ চক্রের ৩ সদস্য আটক, বাজারমূল্য পৌনে ১২ কোটি টাকা

বাংলাদেশ প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে পাচারের সময় প্রায় সাড়ে ৭ কেজি (৬৪৩ ভরি) স্বর্ণের পেস্টসহ আন্তঃজেলা চোরাচালান চক্রের তিন সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া ২৪ ক্যারেট মানের এই বিপুল পরিমাণ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এপিবিএনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জ জেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার মো. শাওন (৩৯)।

এপিবিএন জানায়, গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে আগমনী এলাকার ২ নম্বর ক্যানোপি সংলগ্ন আউটগেটে অবস্থান নেয় পুলিশের একটি বিশেষ দল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তিনজনকে চ্যালেঞ্জ করা হলে তাঁরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক ধাওয়া দিয়ে তাঁদের আটক করে এপিবিএন কার্যালয়ে নিয়ে আসা হয়।

পরবর্তীতে দেহ তল্লাশিকালে মূল বাহক ইয়াছিন আরাফাত সৌরভের কোমরে বিশেষ কায়দায় কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। অভিজ্ঞ স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা এবং রাসায়নিক বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া যায় যে, ডিম্বাকৃতির এই বস্তুগুলো উচ্চমানের তরল বা পেস্ট আকৃতির স্বর্ণ, যার মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, আটক ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যাতায়াত করতেন। শুল্ক ফাঁকি দিতে এবং স্ক্যানার মেশিনের নজর এড়াতে তিনি সৌদি আরব থেকে স্বর্ণ গলিয়ে পেস্ট আকারে নিয়ে আসতেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাইরে অপেক্ষমাণ সহযোগী জাকিরুল ইসলাম জুয়েল ও মো. শাওনের কাছে এই চালান হস্তান্তর করার কথা ছিল। দীর্ঘদিন ধরেই এই সংঘবদ্ধ চক্রটি বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট পরিচালনা করে আসছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

অভিযানের বিষয়ে এপিবিএনের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ বলেন, “গত কয়েক দিন ধরেই আমাদের গোয়েন্দা সূত্রে খবর ছিল যে, একটি চক্র পেস্ট আকারে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের প্রতিটি পয়েন্টে নজরদারি জোরদার করা হয় এবং আজকের অভিযানে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ তিনজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, এই চক্রের নেপথ্যে থাকা মূল হোতা এবং দেশে অবস্থানরত অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে এপিবিএনের গোয়েন্দা কার্যক্রম ও তদন্ত অব্যাহত রয়েছে। বিমানবন্দর এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

আটককৃত তিনজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি (১) (বি) এবং ২৫ডি ধারায় চোরাচালানের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।