মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্ক করা বাসে অগ্নিসংযোগ

0
মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্ক করা বাসে অগ্নিসংযোগ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের আসন ও যন্ত্রাংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে ‘ভূঁইয়া পরিবহন’-এর বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনের সড়কে পার্ক করে রাখা হয়েছিল। শনিবার মধ্যরাতে হঠাৎ বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পানি ঢেলে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরাজ উদ্দিন জানান, রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁরা গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে একটি বাসে আগুন লাগার খবর পান।

তিনি বলেন, “ঘটনাস্থলে পৌঁছে দেখি বাসটিতে আগুন জ্বলছে। স্থানীয়দের সহযোগিতায় আমাদের দুটি ইউনিট দ্রুত কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে বাসটির প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “ক্ষতিগ্রস্ত বাসের মালিকের বাড়ি এই এলাকাতেই। কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা জনমনে ভীতি ও আতঙ্ক সঞ্চার করতেই রাতের আঁধারে পার্ক করা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”