সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু; ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু; ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী, বিপণন এবং দেশি-বিদেশি বাজার সম্প্রসারণের সুযোগ তৈরির লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আটটি ভিন্ন ক্যাটাগরিতে দেশের আটজন সফল উদ্যোক্তার হাতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার’ তুলে দেন।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ মেলার আয়োজন করা হয়েছে।

এ বছর আটটি ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রদান করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো— বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী), ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা, বিশেষ উদ্যোক্তা

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান, এসএমই ফাউন্ডেশনের সামগ্রিক কার্যক্রম এবং এর প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

প্রামাণ্যচিত্রে উল্লেখ করা হয়, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম ‘জাতীয় এসএমই টাস্কফোর্স’ গঠন করেন। ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয় এবং এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান তাদের বাহারি ও মানসম্মত পণ্য নিয়ে অংশ নিয়েছে। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩৮০ জন উদ্যোক্তা তাঁদের উদ্ভাবনী ও ঐতিহ্যবাহী পণ্য দর্শনার্থী ও ক্রেতাদের সামনে তুলে ধরছেন। আগামী সাত দিন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।