জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নুর বানু (৪৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক এবং পেছনে বসে থাকা শাকিল নামে দুজনকে আটক করেছে পুলিশ। তারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
নিহত নুর বানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে। তিনি কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামে মেয়ে-জামাই এনামুল হকের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও মেয়ে-জামাই এনামুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, শাশুড়ি নুর বানু গত রোববার বিকেলে তার বাড়িতে বেড়াতে আসেন। আজ সোমবার বেলা ১২টার দিকে খাওয়া-দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেলা সাড়ে ১২টার দিকে পুনট কোল্ড স্টোরেজের সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় তিনি পাকা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ওই দুজনকে থানায় নিয়ে যায়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, নিহত নারীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় জনতার হাতে আটক মোটরসাইকেল চালকসহ দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

