পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ; ‘দাবির ধারেকাছেও নেই’ বলছে শ্রমিকপক্ষ

0
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ; ‘দাবির ধারেকাছেও নেই’ বলছে শ্রমিকপক্ষ

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর কাছে এই প্রস্তাব হস্তান্তর করা হয়। তবে প্রস্তাবিত মজুরির সুনির্দিষ্ট অঙ্কটি এখনই প্রকাশ করা হয়নি। অন্যদিকে, মালিকপক্ষের এই প্রাথমিক প্রস্তাবকে নিজেদের দাবির ‘ধারেকাছেও নেই’ বলে অভিহিত করেছে শ্রমিকপক্ষ।

এদিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়। সভার আলোচ্যসূচিতে পোশাক খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টি প্রাধান্য পায়।

সভার বিরতিতে বিকেলে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী মালিকপক্ষের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে দর-কষাকষির স্বার্থে এখনই টাকার অঙ্ক জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। বোর্ড চেয়ারম্যান বলেন, ‘শিল্পের সক্ষমতা, শ্রমিকদের জীবনমান এবং অর্থনীতির অনেকগুলো বিষয় নিয়ে গভীর আলোচনা ও বিশ্লেষণ করেই আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যেটা বেআইনি বা অবাস্তব হয়।’

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার জানান, এর আগে শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আজ মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, তা সেই দাবির ধারেকাছেও নেই।

মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বাবুল আক্তার বলেন, ‘মালিকপক্ষ একটু কম দিয়েই দর-কষাকষি শুরু করেছে। তবে এটি চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনাকে এগিয়ে নিতে এবং একটি সন্তোষজনক সমাধানে পৌঁছাতে শ্রমিকপক্ষও তাদের আগের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে একটি সংশোধিত প্রস্তাব দেবে।’ অতীতের মতো এবারও প্রাথমিক প্রস্তাবের পর ধারাবাহিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ন্যূনতম মজুরির বিষয়টি ঝুলিয়ে না রেখে দ্রুত নিষ্পত্তি করতে মালিক ও শ্রমিক—উভয়পক্ষই একমত হয়েছে। বাবুল আক্তার জানান, আলোচনা ফলপ্রসূ করতে প্রয়োজনে সোমবার রাত ১০টা পর্যন্ত বৈঠক চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে শ্রমিকপক্ষের। এ ছাড়া সভা পুরোপুরি শেষ না করে প্রয়োজনে মুলতবি রেখে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আবারও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে বোর্ডের। উভয়পক্ষের সংশোধিত প্রস্তাবের ভিত্তিতেই চূড়ান্ত মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।