লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বাবার মরদেহ বাড়িতে রেখেই জমিজমা ও সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে সন্তানদের মধ্যে চরম সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই অমানবিক ঘটনার জেরে মৃত্যুর দীর্ঘ ২৪ ঘণ্টা পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বৃদ্ধের দাফন সম্পন্ন হয়।
জেলার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারী বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত মফিজ উল্যা ওই বাড়ির জালাল আহমেদের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ ছেলে ও ২ মেয়ের জনক মফিজ উল্যা জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে তাঁর প্রবাসী ছেলে মনিরের বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।
অভিযোগ উঠেছে, বাবার মরদেহ ফ্রিজিং ভ্যানে রাখা অবস্থাতেই ওই দিন রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে অতর্কিত হামলা চালান তাঁর অপর ভাই মিলন, ফারুক এবং বোন রোজিনা ও নাসিমা। এ সময় তাঁরা ঘরে ব্যাপক ভাঙচুর চালান এবং জমির গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ লুট করে নিয়ে যান।
হামলাকারীদের বাধা দিতে গেলে মনিরের স্ত্রী আখি বেগম, সৎমা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগমকে বেধড়ক মারধর করা হয়। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজেও সৎমা নাজমুন নাহারকে মারধর করার দৃশ্য ধরা পড়েছে বলে জানা গেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ওই হামলার পর থেকেই বৃদ্ধের স্ত্রী (মনিরের সৎমা) নাজমুন নাহার নিখোঁজ রয়েছেন, যা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
এদিকে, সন্তানদের এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে এলাকাবাসী ও স্থানীয় মুরুব্বিদের মধ্যস্থতায় মৃত্যুর একদিন পর বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মনিরের বাড়ির পারিবারিক কবরস্থানে মফিজ উল্যার দাফন সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, বাবার জীবদ্দশাতেই জমি নিয়ে সন্তানদের মধ্যে চরম বিরোধ চলছিল এবং এ নিয়ে আদালতে মামলাও গড়িয়েছে। সেই পুরোনো বিরোধের জেরেই বাবার মৃত্যুর পর এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।
অবশ্য হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই ভাই মিলন ও ফারুক। তাঁদের দাবি, জমির মূল্যবান দলিলপত্র বেহাত বা হারিয়ে যাওয়ার আশঙ্কায় তাঁরা সেগুলো উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাঁদের যাওয়ার আগেই কে বা কারা বাড়িতে ভাঙচুর চালিয়েছে, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঘটনার কথা তাঁরা লোকমুখে শুনেছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী বা কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

