
চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরের দুর্গম পাহাড়ি এলাকায় শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হানকে গ্রেপ্তারে পুলিশের টানা পাঁচ দিনের শ্বাসরুদ্ধকর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ধারাবাহিক অভিযানে রায়হানের বিশ্বস্ত ছয় সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বারবার অবস্থান পরিবর্তন করে দুর্গম পাহাড়ে আত্মগোপনে থাকায় মূল হোতা রায়হান এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী রায়হানের আয়ের অন্যতম প্রধান উৎস হলো গোপনে অস্ত্র তৈরি ও বিক্রি। দুর্গম পাহাড়ি আস্তানায় তৈরি এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে তার বাহিনীর সদস্যরা ফটিকছড়ি ও আশপাশের বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি এবং চাঁদাবাজি চালিয়ে আসছিল।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘ফটিকছড়ির সুয়াবিল এলাকায় বিস্তীর্ণ ও দুর্গম পাহাড় রয়েছে। জনবসতিহীন এসব দুর্গম পাহাড়ি এলাকাকে সন্ত্রাসীরা নিরাপদ অভয়ারণ্য হিসেবে ব্যবহার করে নির্বিঘ্নে তাদের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সন্ত্রাসীরা যত গভীরেই লুকিয়ে থাকুক, তারা পুলিশের নজরদারির বাইরে নয়। রায়হানসহ এই চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।’
পুলিশ জানায়, রায়হান সুয়াবিল এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুরের দুর্গম পাহাড়ে সাঁড়াশি অভিযান শুরু করে জেলা পুলিশ। পরদিন ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলায় দিনব্যাপী অভিযান চালিয়ে দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিপুল যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই টিলায় বসেই রায়হান ও তার সহযোগীরা নিয়মিত অস্ত্র তৈরি করতেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও গভীর জঙ্গলে পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তাদের তথ্যমতে, সাঁড়াশি অভিযানের মুখে নিজেদের আস্তানা অনিরাপদ মনে করে ২৩ নভেম্বর সন্ধ্যা পৌনে আটটার দিকে রায়হান তার সহযোগীদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে এলাকা ছাড়ার চেষ্টা করেন। এ সময় সুয়াবিলের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা গাড়িগুলোর গতিরোধের চেষ্টা করেন।
তখন ধরা পড়ার ভয়ে রায়হান ও তার সহযোগীরা জনতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে শটগানের ছররা গুলিতে ছয়জন নিরীহ মানুষ আহত হন। গুলির মুখেও সাহসিকতার পরিচয় দিয়ে স্থানীয়রা রায়হানের সহযোগীদের বহনকারী এবং তার বিশ্বস্ত সিএনজিচালক মো. জাবেদ হোসেনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনার পর ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল পুরো এলাকা ঘিরে রাতভর চিরুনি অভিযান চালায়। পরদিন ২৪ নভেম্বরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয় এবং রায়হানকে ধরিয়ে দিতে এলাকায় মাইকিং করা হয়।
পুলিশ সুপার মাসুদ আলম জানান, ধারাবাহিক অভিযানের একপর্যায়ে ২৫ নভেম্বর পুলিশ জানতে পারে যে, রায়হান ও তার প্রধান আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি সীমান্ত এলাকা থেকে সহযোগীদের মাধ্যমে গোলাবারুদ সংগ্রহের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাজীরহাটের কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে শটগানের ১০ রাউন্ড সীসা কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে আরেক সহযোগী মো. ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ। তার হেফাজত থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ফরহাদ জানায়, বন্দুকটি এজাহার মিয়া এবং গুলিগুলো রায়হান তার কাছে লুকিয়ে রেখেছিলেন।
গ্রেপ্তার আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, রায়হান ও তার দলবল সুয়াবিলের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ে মো. মহররম আলীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাৎক্ষণিক অভিযানে মহররমকে গ্রেপ্তার করা হয় এবং তার দেখানো জায়গা থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। মহররম পুলিশকে জানান, ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত রায়হান তার বাড়িতেই ছিলেন এবং অন্যত্র সরে যাওয়ার সময় পিস্তল ও গুলিগুলো তার কাছে রেখে যান।
এ ছাড়া কাজীরহাট এলাকায় পৃথক অভিযানে রায়হানের আরেক সহযোগী জনার্ধন দে-কে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে আরেকটি পিস্তল থাকার তথ্য পাওয়া গেলেও অভিযানের খবর ছড়িয়ে পড়ায় এবং অস্ত্রটি অন্যত্র সরিয়ে ফেলায় তা উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ সুপার দৃঢ় কণ্ঠে জানান, শীর্ষ সন্ত্রাসী রায়হান এবং তার আশ্রয়দাতা এজাহার মিয়াকে গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যত বড়ই হোক, তাকে আইনের আওতায় আসতেই হবে।
