ঈশ্বরদী প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে পোল্ট্রি খামার ক্যাটাগরিতে রাষ্ট্রীয় সম্মাননা ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’-এর রৌপ্য পদক অর্জন করেছে পাবনার ঈশ্বরদীর প্রতিষ্ঠান আরআরপি এগ্রো ফার্মস (প্যারেন্টস্টক ফার্ম)। দেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আরআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মনসুর আলমের হাতে এ পদক তুলে দেওয়া হয়।
আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানসম্মত প্যারেন্টস্টক উৎপাদন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি এ পদক অর্জন করে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রম, আন্তরিকতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার ফসল। প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের নিষ্ঠা ও দলগত কাজ এ সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ সম্মাননা ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বছর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’ প্রদান করা হয়।
ঈশ্বরদীর আরআরপি এগ্রো ফার্মসের এ রাষ্ট্রীয় স্বীকৃতিতে স্থানীয় খামারি, ব্যবসায়ী, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহলে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

