পলাশে গণপিটুনিতে জেল পলাতক ডাকাত নিহত, পাঁচ মামলায় ছিল পরোয়ানা

0
পলাশে গণপিটুনিতে জেল পলাতক ডাকাত নিহত, পাঁচ মামলায় ছিল পরোয়ানা

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশ উপজেলায় স্থানীয় উত্তেজিত জনতার গণপিটুনিতে জালাল (৪৫) নামের এক জেল পলাতক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে।

নিহত জালাল পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। পুলিশের তথ্যমতে, তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া একজন তালিকাভুক্ত আসামি এবং তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন জালাল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজারিয়া গ্রামের নূর উদ্দিনের কলাবাগানের ভেতরে তাঁকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের ক্ষোভ থেকে এলাকাবাসী তাঁকে ঘিরে ফেলেন এবং একপর্যায়ে উত্তেজিত জনতা গণপিটুনি শুরু করে। এতে গুরুতর জখম হয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জালাল একজন পেশাদার অপরাধী ছিলেন। ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা অন্তত পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

ওসি আরও বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।”