শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: রাজশাহীতে গোপনে চিকিৎসাধীন ‘কারিগর’ আটক, মামলায় গ্রেপ্তার আরও ২

0
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: রাজশাহীতে গোপনে চিকিৎসাধীন ‘কারিগর’ আটক, মামলায় গ্রেপ্তার আরও ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে আহত নাজমুল করিম ওরফে নুরুল নামের এক যুবককে রাজশাহী থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরের তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে স্যালাইন চলমান অবস্থায় তাঁকে আটক করে এসআরবি-৫-এর একটি দল। পরে পুলিশি পাহারায় চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আটক নাজমুল নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্য এবং এলাকায় ‘ককটেল তৈরির কারিগর’ হিসেবে পরিচিত। শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে।

এসআরবি-৫ সূত্রে জানা গেছে, বুধবারের বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর নাজমুল পালিয়ে রাজশাহীতে চলে আসেন। প্রথমে নগরের একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর স্ত্রীসহ পূর্বপরিচিত এক নারীর তেরোখাদিয়া পশ্চিমপাড়ার ভাড়া বাসায় আত্মগোপন করেন। সেখানে গোপনে তাঁর চিকিৎসা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এসআরবি সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে অভিযান চালান।

আশ্রয়দাতা ওই নারী জানান, নাজমুল তাঁদের পূর্বপরিচিত। ড্রেসিং করানোর কথা বলে বুধবার তাঁর স্ত্রী তাঁকে এই বাসায় নিয়ে আসেন। বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি এসে নাজমুলকে স্যালাইন দিয়ে যান। তবে নাজমুল কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে তিনি কিছু জানতেন না বলে দাবি করেন। অভিযানের সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ ও চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে নেওয়া হয়।

আটক অবস্থায় নাজমুল স্বীকার করেছেন, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন এবং আহত হওয়ার পর সহযোগীরা তাঁকে মোটরসাইকেলে করে সেখান থেকে সরিয়ে নেন।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, “নাজমুলের শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশি হেফাজতে তাঁর চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে এবং সুস্থ হলে আদালতে সোপর্দ করা হবে।”

এদিকে, ককটেল বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনায় শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার দিনভর শিবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন—শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী গ্রামের মো. রুবেল ইসলাম (২৩) এবং একই এলাকার মোহাম্মদ বাসির উদ্দিনের ছেলে রিফাত হাসান (১৮)। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক অন্য আসামিদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকার একটি ভুট্টাখেতে কলাগাছের আড়ালে বসে কয়েকজন ককটেল তৈরি করছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি ককটেল বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. টমাস আলী (টমাস উদ্দিন) নিহত হন। নিহত টমাস চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন। বিস্ফোরণের পর আহত অবস্থায় নাজমুলসহ অন্তত তিনজন পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও আলামত জব্দ করে।