বিনা অভিবাসন ব্যয়ে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রথম ফ্লাইট উদ্বোধন করে কর্মীদের দক্ষ ও ভাষাজ্ঞানসম্পন্ন করার ঘোষণা প্রধানমন্ত্রীর

0
বিনা অভিবাসন ব্যয়ে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রথম ফ্লাইট উদ্বোধন করে কর্মীদের দক্ষ ও ভাষাজ্ঞানসম্পন্ন করার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিবেদকঃ দীর্ঘ আড়াই বছরের স্থবিরতা কাটিয়ে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানানোর মাধ্যমে এই ঐতিহাসিক যাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর নতুন সরকারি উদ্যোগের কথাও জানান তিনি।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আজ বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। প্রথম ধাপে আজ ১১২ জন যাচ্ছেন। আমাদের লক্ষ্য হলো পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার মানুষকে সম্পূর্ণ বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো। দীর্ঘদিন ধরে এই কার্যক্রম বন্ধ ছিল। মালয়েশিয়া সরকারের আন্তরিক সহযোগিতায় আবারও দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে বিশেষ ধন্যবাদ জানাই।”

প্রবাসে কর্মীদের মর্যাদা ও আয় বাড়াতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে তারা নিজেরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি দেশের রেমিট্যান্স প্রবাহও সমৃদ্ধ হবে।

ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি ঘোষণা দেন, “বিদেশে কর্মক্ষেত্রে ভাষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সরকার ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে। ভাষা জানা থাকলে কর্মীদের কর্মপরিবেশে মানিয়ে নিতে ও কাজ করতে অনেক সুবিধা হবে।”

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত প্রতিটি বাংলাদেশির আচরণের ওপর দেশের সামগ্রিক ভাবমূর্তি নির্ভর করে। একজন কর্মীর কাজ ও শৃঙ্খলা দেখে বিদেশিরা বাংলাদেশকে মূল্যায়ন করবে। কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগে বিদেশি প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে। তিনি কর্মীদের মালয়েশিয়ার আইনকানুন, সংস্কৃতি ও ঐতিহ্য মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী কর্মীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে এই কর্মীদের নির্বাচন করা হয়।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন’-এ মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। এ ছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের আবাসন, চিকিৎসা ও অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করা হচ্ছে। বোয়েসেল সূত্রে জানা গেছে, ইতিমধ্যে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪৮ জন কর্মীর সত্যায়িত চাহিদাপত্র পাওয়া গেছে এবং আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি শ্রমবাজার উন্মুক্ত করা ও অভিবাসন ব্যয় শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে জোরালো ভূমিকা রাখেন। আজকের এই ফ্লাইট উদ্বোধন সেই কূটনৈতিক সাফল্যেরই বাস্তব প্রতিফলন।

বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্‌দী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এ ছাড়া বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।