দোলনা থেকে পড়ে বালতির পানিতে শিশুর মৃত্যু

0

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে খেলা করতে গিয়ে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইলিশমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু নুসরাত জাহান (৯ মাস) সাদ্দাম আলীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির আঙ্গিনায় থাকা দোলনার উপর খেলা করছিল। এসময় দোলনার পাশে থাকা পানিভর্তি বালতিতে দোলনা থেকে পড়ে যায়। শিশু নুসরাতের মা শিরিনা বেগম দেখতে পেয়ে উদ্ধার করে। এরপর আগুনের তাপ দিয়ে সুস্থ করার চেষ্টা করে।

এরপরও শিশুটির শারিরীক অবস্থা আরও খারাপ হতে থাকে। এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, হাসপাতাল থেকে নিহত শিশুর লাশ পারিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।