বাংলাদেশ প্রতিবেদকঃ সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে হঠাৎ করেই বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার (২১ জুন) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত/পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে এই প্রজ্ঞাপনে তাঁকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ কিংবা সিলেটের পরবর্তী নতুন ডিসি কে হচ্ছেন, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
সরকারি আদেশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না থাকলেও, প্রশাসনিক ও স্থানীয় সূত্রে জানা গেছে—সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে সিলেটে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। গত ১২ জুন সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে যান সারওয়ার আলম। সে সময় তিনি মাজারের দীর্ঘদিনের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ঘোষণা দেন।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৮ জুন) জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারের পুরনো দানবাক্স ও ঐতিহাসিক তিনটি ‘দানের ডেগ’ সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। জেলা প্রশাসনের এই পদক্ষেপের পর সিলেটে পক্ষে-বিপক্ষে ব্যাপক তোলপাড় শুরু হয়। মাজারের ভক্ত ও অনুসারীদের একাংশ প্রায় ৭০০ বছরের ঐতিহ্য ভাঙার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার মাত্র তিন দিনের মাথায় আজ তাঁকে প্রত্যাহারের আদেশ এলো।
কে এই সারওয়ার আলম?
২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. সারওয়ার আলম দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে। সেই সময়ে তিনি তিন শতাধিক সফল ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করে সাধারণ মানুষের তুমুল প্রশংসা কুড়িয়েছিলেন।
র্যাব থেকে বদলি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর উপসচিব পদে পদোন্নতি পান। পরবর্তীতে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (PS) হিসেবেও দায়িত্ব পালন করেন। সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পান এবং ২১ আগস্ট কর্মস্থলে যোগদান করেন।
সিলেটের দায়িত্ব নেওয়ার ঠিক ১০ মাসের মাথায় আজ তাঁকে ঢাকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হলো। এদিকে তাঁর এই আকস্মিক প্রত্যাহারের খবর প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ও ব্যাপক আলোচনা চলছে।

