পদত্যাগপত্র জমা দিচ্ছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম: নেপথ্যে শারীরিক অসুস্থতা ও সরকারের নেতিবাচক মনোভাব

0
পদত্যাগপত্র জমা দিচ্ছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম: নেপথ্যে শারীরিক অসুস্থতা ও সরকারের নেতিবাচক মনোভাব

বাংলাদেশ প্রতিবেদকঃ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার অপরাহ্নেই তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র পাঠাবেন বলে পিএসসি সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, চেয়ারম্যান স্যার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে চিঠি জমা বা এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি প্রক্রিয়াধীন রয়েছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে অধ্যাপক মোবাশ্বের মোনেম দায়িত্ব চালিয়ে যেতে অক্ষমতা প্রকাশ করেছেন।

পিএসসির অভ্যন্তরীণ সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে পদায়িত এই চেয়ারম্যানের প্রতি নতুন প্রশাসনের কিছুটা নেতিবাচক মনোভাব দৃশ্যমান ছিল।

সম্প্রতি পিএসসির পক্ষ থেকে সংস্থাটির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়, যা নতুন সরকারের নীতিপ্রণেতারা ইতিবাচকভাবে গ্রহণ করেননি। ফলে উভয় পক্ষের নীরব দূরত্ব এই পদত্যাগের সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

পদত্যাগের বিষয়ে সরাসরি জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম ইতিবাচক বা নেতিবাচক কোনো সরাসরি উত্তর না দিয়ে সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, “হলে (পদত্যাগ করলে) জানবেন।”

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেন। পরবর্তীতে ওই বছরের ৯ অক্টোবর অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, যার মধ্য দিয়ে পিএসসির পুনর্গঠন প্রক্রিয়ায় আবারো বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।