টানা বৃষ্টিতে নাকাল কাঁচাবাজার: সবজি ও মুরগির দামে দিশেহারা সাধারণ মানুষ

0
টানা বৃষ্টিতে নাকাল কাঁচাবাজার: সবজি ও মুরগির দামে দিশেহারা সাধারণ মানুষ

বাংলাদেশ প্রতিবেদকঃ সারাদেশে গত কয়েকদিন ধরে চলা বিরামহীন বৃষ্টি ও বৈরী আবহাওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় রাজধানীতে সবজি ও মুরগির দাম লাফিয়ে বেড়েছে। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়ে এখন ৬০ থেকে ৮০ টাকায় ঠেকেছে। কোনো কোনো সবজি তো ছাড়িয়ে গেছে ১০০ টাকার ঘর।

শুক্রবার রাজধানীর মালিবাগ, রামপুরা ও খিলগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম এখন সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে। সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুনের।লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, আর বড় গোল বেগুনের কেজি ঠেকেছে ১৩০-১৫০ টাকায়। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। বাজারে প্রতি কেজি টমেটো ৬০-৭০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, পটল ও ঝিঙে ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। এছাড়া প্রতিটি লাউয়ের জন্য গুণতে হচ্ছে ৬০-৮০ টাকা। কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ১২০ টাকায় দাঁড়িয়েছে।

সবজির পাশাপাশি মুরগির বাজারেও বৃষ্টির প্রভাব স্পষ্ট। সরবরাহ কমে যাওয়ায় ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৮৫-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০-৩৫০ টাকা কেজি দরে। মাছ-মাংসের দাম আগে থেকেই চড়া থাকায় প্রোটিনের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ।

টাউল হল বাজারের ক্ষুব্ধ একজন ক্রেতা বলেন, “বাজারে এসে এক কেজি বেগুন কিনতেই যদি ১৪০-১৫০ টাকা চলে যায়, তবে বাকি বাজার কীভাবে করবো? বারবার দাম বাড়লে সাধারণ মানুষ খাবে কী?”

বৃষ্টির কারণে কর্দমাক্ত রাস্তা আর জমে থাকা ময়লা পানি মাড়িয়ে বাজারে এসে দামের এই ঊর্ধ্বগতিতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। রামপুরা বাজারে আসা মো. সোহেল বলেন, “রাস্তার ময়লা পানি মাড়িয়ে কষ্ট করে বাজারে এলাম, এসে দেখি সবকিছুর আকাশছোঁয়া দাম। এক কেজি বেগুন কিনতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে।” খিলগাঁওয়ের ক্রেতা শফিক জানান, সবজির দাম কমার কোনো লক্ষণ নেই, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ওপর প্রচণ্ড চাপ তৈরি করছে।

বাজারদর বৃদ্ধির পেছনে বিক্রেতারা পুরোপুরি দায়ী করছেন আবহাওয়াকে। তাদের দাবি, বৃষ্টির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক রাজধানীতে পৌঁছাতে পারছে না। পাইকারি বাজারে সবজির সরবরাহ কম থাকায় চড়া দামে পণ্য কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। এছাড়া কিছু সবজি এখন মৌসুমের শেষের দিকে হওয়ায় সেগুলোর উৎপাদন কমে যাওয়াকেও দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।

বাজার বিশ্লেষকদের মতে, বৃষ্টির দোহাই দিয়ে সরবরাহ ব্যবস্থার এই কৃত্রিম সংকট তদারকি না করলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও অসহনীয় হয়ে উঠবে।