বরগুনায় ভাড়া দিতে না পারায় ভাড়াটিয়ার ঘরের চাউল নিয়ে গেলেন বাড়ির মালিক!

0
বরগুনায় ভাড়া দিতে না পারায় ভাড়াটিয়ার ঘরের চাউল নিয়ে গেলেন বাড়ির মালিক!

বাংলাদেশ প্রতিবেদক: এক মাসের বাসা ভাড়া দিতে না পারায় বরগুনায় এক বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটিয়ার ঘরের চাউল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যদিও ঘর মালিকের দাবি, ঘর ভাড়ার ১৫ শ’ টাকা দিতে না পারায় ভাড়াটিয়া নিজেই স্বেচ্ছায় ভাড়ার বিনিময়ে চাউল দিয়েছেন। তবে ভাড়াটিয়ার অভিযোগ, লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় চাপ প্রয়োগ করে ঘর থেকে চাউল নিয়ে গেছেন ঘর মালিক।

মঙ্গলবার দুপুরের বরগুনার সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ভাড়াটিয়ার চাউল নেওয়ার ঘটনায় অভিযুক্ত ঘর মালিকের নাম সরোয়ার মোল্লা। তিনি গৌরিচন্না ইউনিয়নের বাসিন্দা। আর এ ঘটনায় ভুক্তভোগী ভাড়াটিয়ার নাম মো. ফারুক। তিনি বরগুনা বাসমালিক সমিতির একজন বাসচালক।

বাসচালক মো. ফারুক জানান, চলমান লকডাউনে বাস চলাচল বন্ধ থাকায় তিনি কর্মহীন হয়ে পড়েন। এ জন্য ১৫ শ টাকা করে মার্চ ও এপ্রিল মাসের মোট তিন হাজার টাকা ভাড়া বাকি পড়ে। যদিও বাড়িওয়ালার কাছে তার অগ্রিম বাবদ একমাসের ১৫ শ টাকা দেওয়া আছে। মঙ্গলবার দুপুরে বাকি এক মাসের টাকার জন্য বাড়িওয়ালা তার বাসায় গেলে তিনি তার অসহায়ত্বের কথা বাড়িওয়ালাকে জানান। এ সময় তিনি বাড়িওয়ালাকে জানান, তার ঘরে শুধু এক মণ চাউল ছাড়া আর কিছুই নেই। এ সময় বাড়িওয়ালা সরোয়ার মোল্লা সেই একমণ চাউলই দেওয়ার কথা বলেন তাকে। একপর্যায়ে তিনি তার ঘর থেকে ওই একমণ চাউল নিয়ে যান।

বাড়িওয়ালা সরোয়ার মোল্লা বলেন, ভাড়াটিয়া ফারুক স্বেচ্ছায় ঘরভাড়ার পরিবর্তে আমাকে চাউল দিয়েছে। তাই আমি নিয়েছি। ঘর ভাড়া কিংবা ভাড়ার পরিবর্তে চাউল নেওয়ার জন্য আমি তাকে কোনোপ্রকার চাপ প্রয়োগ করিনি।

বরগুনার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, করোনার এই দুঃসময়ে কর্মহীন হয়ে পড়া বাসচালক ফারুকের সাথে যা ঘটেছে, এর থেকে নির্মম আর কিছু হতে পারে না। আমরা এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বাসাভাড়ার পরিবর্তে বাসচালক ভাড়াটিয়ার ঘরের চাউল নিয়ে যাওয়ার বিষয়টি আমরা শুনেছি। তাই এ ঘটনার তদন্ত শুরু করেছি আমরা। ঘটনার সত্যতা পেলে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য ঘর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, জেলাজুড়ে আমাদের খাদ্যসহায়তা কার্যক্রমসহ নগদ অর্থসহায়তা প্রদান চলমান রয়েছে। বাসচালক ভাড়াটিয়া ফারুকসহ অন্য চালকদের সহায়তায় বরগুনা জেলা প্রশাসন শিগগিরই ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।