মুলাদীতে আবর্জনার আগুনে পুড়ে গেল তিনটি পানের বরজ

0

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে আবর্জনার আগুনে পুড়ে গেছে তিনটি পানের বরজ। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পানের বরজ মালিকরা।

জানা গেছে, সৈয়দেরগাঁও গ্রামের মৃত নিরঞ্জন ভৌমিকের ছেলে সঞ্জিত কুমার ভৌমিক মৃধারহাট এলাকায় ৯৬ শতাংশ জমি লীজ নিয়ে পানের বরজ করেন। একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্লেহলাল পালের ছেলে অভিজিৎ পাল ৭০ শতাংশ পানের বরজ করেন। শুক্রবার বিকেলে ৩টি পানের বরজই পুড়ে যায়। সঞ্জিত কুমার ভৌমিকের ভাই সুজিত কুমার ভৌমিক জানান, শুক্রবার সকাল থেকে পানের বরজে লোকজন কাজ করছিলো। দুপুুরের দিকে অভিজিৎ পালের কাজের লোকজন পানের বরজ থেকে ৫/৭হাত দূরে গর্তের মধ্যে আবর্জনায় আগুন দেয়। ওই সময় জনৈক শ্রমিক আব্দুল খালেক আগুনের মধ্যে ঝাটি (পানের বরজে ব্যবহৃত কাশগুচ্ছ) নিক্ষেপ করে। এতে আগুনের লেলিহান শিখা উপড়ে ওঠে। দক্ষিণ থেকে বাতাস থাকায় আগুন পানের বরজের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ১০/১৫ মিনিটের মধ্যে ৩টি বরজ পুড়ে ছাই হয়ে যায়। শুকনো মৌসুম হওয়ায় পানের বরজের বেড়া ও কাঠিতে দ্রুত আগুন ধরে যায়। এতে ১২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

গাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. জসিম উদ্দীন জানান, আগুনে ৩টি পানের বরজ পুড়ে যাওয়ার বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।