গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স-লোবেটর সংঘর্ষে হতাহত ৮

0
গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স-লোবেটর সংঘর্ষে হতাহত ৮

বাংলাদেশ প্রতিবেদক: গোপালগঞ্জে অ্যাম্বুলেন্সে ও ভেকু মেশিন বহনকারী লোবেটরের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো চারজন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন বরিশাল জেলার সদর রোডের ডা. আব্দুল খালেকের ছেলে সাবেক নৌ সদস্য ডা. শামছুল আলম (৬০), রাজবাড়ী জেলা কালুখালী থানার গোয়ালপাড়া গ্রামের ওলজার খানের ছেলে ও অ্যাম্বুলেন্সচালক মোমিন খান (৪০), পটুয়াখালী জেলার দুমকী থানার জামলা গ্রামের মো: শাহ আলমের ছেলে মো: জুয়েল হাসান (৩০), ও রাজবাড়ীর ফয়সাল (৩৫)।

আহত ব্যক্তিরা হলেন মো: কামাল হোসেন (৪০), মোহাম্মাদ আলী শেখ (৬০), ও বায়েজিদ সিকদার (২৮)। তারা সবাই ঢাকার কেরানিগঞ্জের মডার্ন সাইকিয়েট্রিক হাসপাতালের স্টাফ।

মো: জাবেদ মাসুদ জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা ভেকু মেশিন বহনকারী লোবেটর গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরো দু’জনের মৃত্যু হয়। আহত চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জুয়েল সরকার বলেন, দু’জন হাসপাতালে আনার আগে ও দু’জন হাসপাতালে আনার পর মারা যান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।