ডিএনসিসির নির্মাণাধীন ভবনেই এডিস লার্ভা

0
ডিএনসিসির নির্মাণাধীন ভবনেই এডিস লার্ভা

বাংলাদেশ প্রতিবেদক: এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নিজেদের নির্মাণাধীন ভবনেই পাওয়া গেল এডিসের লার্ভা। অভিযানে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসিরই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার দুপুরে গাবতলী বেড়িবাঁধ রোডে ডিএনসিসির ক্লিনার্স পল্লী আবাসনের নির্মাণাধীন দুটি ভবনে এডিসের লার্ভা পাওয়া যায়। নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্স ও মাইশা কন্সট্রাকশনকে দুটি মামলায় ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান এই অভিযান পরিচালনা করেন।

এছাড়া তিনি মিরপুর মডেল থানার দারুস সালাম রোডে সরকারি কর্মচারীদের আবাসনের জন্য নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান বংগ বিল্ডার্সকে ২ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে অঞ্চল-৪ এর আওতাধীন ৯ ও ১২ নম্বর ওয়ার্ডের গাবতলী সিটি কলোনী, পাইকপাড়া স্টাফ কোয়াটার এলাকায় প্রায় ১০০টি ভবন, স্থাপনা, জলাশয়, রেষ্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন ও লার্ভা ধ্বংস করা হয়েছে।

অঞ্চল-৪ এর আওতাধীন এলাকায় অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে .কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী।

ডিএনসিসির মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের সপ্তম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ১৪টি মামলায় মোট ৯ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।

বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও ডিএনসিসির কর্মীদের সঙ্গে যুক্ত হয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান তদারকির জন্য সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে দশটি টিম গঠন করা হয়েছে। এসব টিম প্রতিদিন চলমান অভিযান তদারকি করছে।