পীরগাছায় বাতি আছে আলো নেই, প্রায় তিন কোটি টাকার সোলার অধিকাংশই অকেজো

0
পীরগাছায় বাতি আছে আলো নেই, প্রায় তিন কোটি টাকার সোলার অধিকাংশই অকেজো

ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় তদারকির অভাবে কাঙ্খিত সুফল মিলছে না প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থানে, সড়কের পাশে স্থাপন করা সৌর বিদ্যুৎ প্রকল্পে। গত ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮১৯ অর্থ বছরে প্রায় তিন কোটি টাকায় স্থাপনকৃত সৌর সড়কবাতির অধিকাংশই অকেজো হয়ে গেছে। কোথাও কোথাও সোলার আছে বাতি নেই ।

নিম্নমানের, নামসর্বস্ব সৌর প্যানেলসহ অন্যান্য যন্ত্রাংশ সংযোজন করে একটি সিন্ডিকেট এই বরাদ্দের বেশির ভাগ অর্থই হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সৌরবাতিগুলো রক্ষণাবেক্ষণ ও মেরামতে কোনো বরাদ্দ না থাকায় অন্ধকারে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামীণ জনপদের সাধারণ মানুষকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সুত্রে জানা যায় দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ তিনটি অর্থ বছর থেকে পরবর্তী কয়েকটি অর্থ বছরে ঠিকাদারের মাধ্যমে এই উপজেলায় স্ট্রিট সোলার ও হোম সোলার স্থাপন করেন।

উপজেলার ৯ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তা, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানের সামনে পথচারীদের সুবিধার্থে বিভিন্ন ওয়াটের এ স্ট্রিট সোলার গুলো বাসানো হয়। উপজেলার ৯ টি ইউনিয়ন এসব সোলার লাইটগুলোর তদারকির দায়িত্ব কার এমন প্রশ্ন স্থানীয় সাধারণ মানুষের। নিয়মতান্ত্রিক ভাবে এই সোলার লাইট স্থাাপন ও তদারকির দায়িত্ব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার, কিন্তু উপজেলায় এসব লাইট সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান লাগিয়ে যাওয়ার পর আর সেগুলো সংস্কার করা হয়নি। প্রতিটি স্ট্রিট লাইট মেরামতের জন্য তিন থেকে চার বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। এদিকে সড়ক বাতিগুলো না জ্বলায় সরকারের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। সরকারের কোটি কোটি টাকা জলে গেছে বলে মনে করছেন স্থানীয় লোকজন।

সরেজমিনে কয়েকটি ইউনিয়নে গিয়ে দেখা যায়, জনবহুল এ সড়কের অধিকাংশ সৌরবাতি অকেজো হয়ে আছে। সৌরবাতির খুঁটিগুলো দাঁড়িয়ে আছে। অনেক স্থানে ব্যাটারি ও লাইট হারিয়ে গেছে। কয়েকটি ইউনিয়নের মধ্যে তাম্বুলপুর, ছাওলা , কান্দি ও কৈকড়িসহ কয়েকটি বাজারের গুরুত্বপূর্ণ স্থানে বসানো ল্যাম্পপোস্টের লাইটগুলোর অধিকাংশ যেন এক একটি খেলনার মত দাড়িয়ে রয়েছে, সেগুলো এখন অকেজো, দীর্ঘদিন বন্ধ রয়েছে।

তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর গ্রামের স্থায়ী বাসিন্দা আজাদুল ইসলাম বলেন, পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় বসানো স্ট্রীট লাইটটি দীর্ঘদিন থেকে অকেজো হয়ে পড়ে রয়েছে। বাতি না জ্বলায় এবং জায়গাটি তিন রাস্তার মোড় হওয়ায় রাতে প্রায় দূর্ঘটনা ঘটছে। এ বিষয়ে পীরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ এর সাথে কথা হলে তিনি বলেন, অকেজো বা নষ্ট স্ট্রীট লাইট এর বিষয়ে লিখিত ভাবে স্থান নির্ধারন করে কেউ জানালে আমরা সচল করার চেষ্ঠা করবো।