জয়নাল আবেদীনঃ রংপুর অঞ্চলের ভরা মৌসুম পাকা সুপারি । যদিও সারাদেশেই একই চিত্র সুপারির ভরা মৌসুম। রংপুরসহ উত্তরবঙ্গের সুপারির ফলন বাড়ার পাশাপাশি বেড়েছে চাহিদাও। প্রায় প্রতিটি বাড়ির আঙ্গিনা, ঝোপঝাঁড়, পুকুরপাড়, রাস্তার ধার যেখানেই জায়গা পায় সেখানেই দেখা যায় সুপারি গাছ লাগাতে।
একবার সুপারীর চাড়া লাগালে দীর্ঘদিন পর্যন্ত সুপারি দিয়ে থাকে এ গাছ।বিভিন্ন অনুষ্ঠান বিয়ে, আকিকা, জন্মদিন খাতনা ছাড়াও গ্রামের মানুষের নিত্যদিনের খাবার তালিকায় জায়গা করে নিয়েছে পান-সুপারি। আগের মানুষের বিশেষ করে গ্রামের মানুষ অবসর সময় ও গল্পের আড্ডা যেনো পান-সুপারি ছাড়া জমে না। অতিথি আপ্যায়নের পর পান- সুপারি দেয়া একটি রেওয়াজে পরিণত হয়েছে।
বর্তমানে সুপারির ভরা মৌসুম তাই দামেও সস্তা। চালাক মানুষরা দাম কম হওয়ার কারণে বেশী করে পাকা সুপারি কিনে মাটির নিচে পুতে রাখছেন মজা সুপারি করার জন্য, মজা সুপারি করে পুরো বছরটাতে রেখে খায় ও বাড়তি থাকলে বেশী দামে বিক্রি করেন অনেকেই। অপরদিকে ব্যবসায়ীরা পাকা সুপারি কিনে মাটিতে পুঁতে রাখেন বা পানিতে ভিজিয়ে রাখেন। পরে পঁচানো ওই মজা সুপারি বিক্রি করেন প্রায় দেড় থেকে দুইগুণ দামে। তাইতো এর নামও দিয়েছেন ‘মজা সুপারি’।
জানা যায়, রংপুরের সদর, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, তারাগঞ্জ ও বদরগঞ্জ এলাকায় প্রচুর সুপারি চাষ হয়। এ গাছের তেমন কোনো যতœ নেয়ার প্রয়োজন হয় না, এর কোনো ডালপালাও নেই। রংপুরের সিটি বাজার, লালবাগ বাজার, স্টেশন বাজারসহ প্রতিটি জেলা ও উপজেলা শহরের বাজারে রয়েছে সুপারির বাজার। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া সুপারি চাষের জন্য উপযোগী হওয়ায় ফলনও বাড়ছে।
সুপারি বাগানের মালিক মিঠাপুকুর উপজেলার জায়গীরের মাহফুজার রহমান জানান, আমি পেশায় কৃষি কর্মকর্তা ছিলাম, আমার বাসায় শতাধীক সুপারির গাছ রয়েছে। বসতবাড়ির আশপাশে এবং উঁচু জমিতে চারা লাগানোর আড়াই থেকে তিন বছরের মধ্যেই ফল দিতে শুরু করে সুপারির গাছ। বছরে এক-দুবার গোবর সার আর পানির সেচ দেয়া ছাড়া তেমন কোনো বাড়তি পরিচর্যার প্রয়োজন হয় না। আমার বাসার জন্য প্রয়োজনীয় সংখ্যক সুপারি রেখে বাকিগুলোন বিক্রি করে দেই। পুরো বছর জুড়ে খাওয়ার জন্য কিছু সুপারি মাটিতে পুতে রাখি।
রংপুরের মডার্ন মোড়ের একজন গৃহিনী আনজুমান আরা বলেন, এখনকার সুপারি পাকিয়ে মজা সুপারি করলে তা অনেক সময় নষ্ট হয়ে যায় তাই ডিসেম্বরের শেষে জানুয়ারী মাসের দিকে যে সুপারিটা পাওয়া যায় তা কিনে আমি মাটিতে পুতে মজা সুপারি বানাবো তাহলে বাকি সময় সেই মজা সুপারি খেতে পারবো, কেননা সামনে সুপারির দাম বাড়বে।
লালবাগের ব্যবসায়ী আফজাল বলেন, বাজারে বিভিন্ন স্থান হতে সুপারি আসছে যেমন বদরগঞ্জ, মিঠাপুকুর, টেকনাফ, রায়গঞ্জ, কুড়িগ্রাম। সুপারির হিসাবটি হচ্ছে ১০টা সুপারিকে এক গা বলা হয় আবার ৮০টায় এক পোন এবং ২২গা সুপারিকে এক বিসি বলা হয় । খোলা বাজাওে এক গা হিসাবে বিক্রি করা হয় আর পাইকারি বিসি হিসাবে বিক্রি করা হয়ে থাকে ।
বর্তমানে পাকা সুপারির দাম আকার ভেদে এক বিসি সুপারি ৫শ৫০টাকা থেকে ১হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখন দাম অনেক কম । সুপারি এখন মাটিতে পুতলে নষ্ট হয়ে যেতে পারে তাই ডিসেম্বরের শেষের দিকে যে পরিপক্ক সুপারি বাজারে আসে তা মাটিতে পুঁতে রাখেন বা পানিতে ভিজিয়ে রাখলে মজা সুপারিতে রুপান্তরিত হয়। পরে পানিতে পঁচানো মজা সুপারি বিক্রি করলে প্রায় দেড় থেকে দুইগুণ বেশী দামে বিক্রি করা যায়।
রংপুর মিঠাপুকুরের বাসিন্দা দুলাল মিয়া বলেন, আমাদের বাড়িতে ৩০ থেকে ৫০টির মতো সুপারি গাছ আছে। এগুলো বাড়ির পাশে লাগিয়েছি। প্রতি বছরই প্রচুর পরিমাণে সুপারি পাওয়া যায়। আমরা বাসায় খাই, আর আমরা শহরে থাকার কারণে অধিকাংশ সুপারি আত্মীয়-স্বজন পেরে খায় আবার অনেক সুপারি চুরি হয়ে যায়। বিক্রি করার মতো থাকে না।
রংপুর জেলার মিঠাপুকুরের মিন্টু মিয়া বলেন, সুপারি গাছ একবার লাগালে ১০-২০ বছর পর্যন্ত ফল পাওয়া যায়। চাহিদা ভালো থাকায় সুপারি অধিক লাভে দ্রুত বিক্রি হয়। ছায়াযুক্ত জায়গাতেও সুপারি গাছ বড় হয়। আমি বাসার পাশে একটা সুপারির বাগান লাগিয়েছি। তা থেকে বছরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা বাড়তি আয় হয়।
রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান বলেন, রংপুরের আবহাওয়া ও মাটি সুপারি চাষের জন্য বেশ উপযোগী। সুপারি চাষাবাদে অনেক শিক্ষিত মানুষও এগিয়ে আসছে এবং যথাসময়ে গাছের পরিচর্যা করছেন। এতে উৎপাদন বাড়ছে। আশা করি ফলন আরও ভালো হবে। তিনি বলেন, চলতি বছর রংপুর জেলায় মোট ২শ৫৬ হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে। সুপারি উৎপাদন হয়েছে ১হাজার৫শ৯০ মেট্রিক টন।

