এ এম মিজানুর রহমান বুলেটঃ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শীতের সঙ্গে বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর সামান্য উত্তাল রয়েছে। নিম্নচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৮৩০ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৩৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯০৫ ও চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিন পশ্চিমে অবস্থান করছিলো। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালী পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
আলীপুর -কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আনছার উদ্দিন মোল্লা বলেন সমুদ্রে থাকা মাছধরা ট্রলারের বেশীরভাগই মহিপুর শিব্বারিয়া নদীতে নিরাপদে আশ্রয় নিয়েছে।

