পাবনায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ও সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ

0
পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ও সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ

পাবনা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ট্রাক প্রতিকের নির্বাচনী অফিসে হামলা ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে।

সেইসাথে কথা কাটাকাটির জেরে স্থানীয় এক সাংবাদিকের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা নানারকম হুমকি-ধামকি দিয়ে একটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে এবং শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে দুই দফা এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক। অপরদিকে হামলা করে পাল্টা মামলা করেছে অভিযুক্তদের একজন।

ভুক্তভোগী সাংবাদিক কালের কন্ঠের চাটমোহর প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু জানান, শুক্রবার রাত ১১টার দিকে নৌকা প্রতিকের একদল সমর্থক রেলবাজার এলাকায় মিছিল করে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ট্রাক প্রতিকের পোস্টার ছিঁড়ে ফেলে। এ নিয়ে ট্রাক প্রতিকের সমর্থকদের সাথে তাদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।

এই ঘটনার জেরে রাত সোয়া ২টার দিকে ব্যবসায়ী ফুরকান আলী বিশ্বাস, তার শ্বশুড় এস এম আলম বাবলুর নেতৃত্বে ৫ জন লোক আমার বাসার প্রধান ফটকে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় তারা বাসা সংলগ্ন আমার ওষুধের দোকানে সাটার ভাঙচুর করে। এক পর্যায়ে দোকানের সামনে থাকা একটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ও প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়।

এদিকে, শনিবার দুপুরে নৌকার সমর্থকরা রেলবাজার এলাকায় ওই সাংবাদিকের বাড়ির পাশে অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতিকের নির্বাচনী অফিস ভাঙচুর করে এবং আবারো পোস্টার ছিঁড়ে ফেলে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।